লিড নিউজ

এবার ঈদে মাঠে নামছে ছদ্মবেশী নারী পুলিশ!

নিজস্ব প্রতিবেদক : দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ-উল-ফিতর। শহরের প্রত্যেকটা রাস্তায় বেড়েছে যানজট। ঈদ উপলক্ষে জমে উঠেছে সিলেট শহরের বিপনীবিতানগুলো। বাড়ছে নগরীর ব্যস্ততা।

জমে ওঠতে শুরু করেছে ঈদের বেচাকেনা। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অপরাধীরা বিভিন্ন ধরনের অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

তবে এবারও ছাড় দিতে রাজী নয় আইনশৃঙ্খলা বাহীনি। অপরাধীদের ধরতে মাঠে নেমেছেন তারা। এ লক্ষে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। পুরুষ পুলিশের পাশাপাশি নারী পুলিশ সদস্যাদেরও মাঠে নামানো হয়েছে।

এবারের রমজানে ছিনতাইকারীদের ধরতে এবং শহরে ছিনতাইর মতো অপরাধ কমিয়ে আনার চ্যালেঞ্জ দিয়েছিল এসএমপি।

তবে শুধু ছিনতাই নয়, বরং ঈদকেন্দ্রীক সকল অপরাধ ঠেকাতে বিশেষ পরিকল্পনাও করেছে এসএমপি।

নগরীর বিভিন্ন মোড়ে, বিপনীবিতান ও বড় বড় মার্কেটগুলোর সামনে অপরাধীদের ধরতে দায়িত্ব পালন করছে তারা। পুলিশ পুরুষ সদস্যের পাশাপাশি নামানো হয়েছে মহিলা সদস্যাও।

এসএমপির উর্ধ্বতন কর্মকর্তারা জানান, ঈদ উপলক্ষে কোনো অপরাধী চক্র যাতে নগরীতে বিচরণ করতে না পারে, মানুষের জান-মালের নিরাপত্তা যাতে বজায় থাকে, এজন্য পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে। নেয়া হয়েছে বিশেষ পরিকল্পনা।

সেই পরিকল্পনার অংশ হিসেবে মহানগরী জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে কাজ শুরু করে দিয়েছে পুলিশ।

নগরীতে নিরাপত্তায় কাজ করছেন দুই সহস্রাধিক পুলিশ সদস্য।

নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, পূর্ব জিন্দাবাজার, চৌহাট্টা, বারুতখানা, নয়াসড়ক, আম্বরখানাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পুরুষ পুলিশের পাশাপাশি নারী পুলিশ সদস্যরা নিরাপত্তা কাজে ব্যস্ত সময় পার করছেন।

এসএমপির মূখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, ঈদকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও নগরীতে বাড়তি নিরাপত্তা ব্যস্থা করা হয়েছে।

২০ রমজান থেকে বাড়তি নিরাপত্তা দেয়ার কথা থাকলেও শহরবাসীর নিরাপত্তার কথা চিন্তা করে ১৬ রমজান থেকেই নগরীতে তারা কাজ শুরু করেছেন।

নারী চোর চক্রের সদস্য ও নারী ছিনতাইকারী ধরতে নারী পুলিশ এবং পুরুষ ছিনতাইকারী ও অপরাধী ধরতে পুরুষ পুলিশ সদস্য মাঠে কাজ করছেন।

এছাড়া থাকছে স্ট্রাইকিং ফোর্স, মোটরসাইকেল ফোর্স, ব্যাকআপ পার্টিও। সবমিলিয়ে নগরীজুড়ে কঠোর নিরাপত্তা নিশ্চিতে এসএমপি তৎপর বলে জানান তিনি।

Related Articles

Back to top button