লিড নিউজ

ভাই-ভাবীর লাঠির আঘাতে বোনের মৃত্যু

বানিয়াচং প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের ইকরাম গ্রামে পূর্ব বিরোধের জের ধরে ভাই ও ভাবীর লাঠির আঘাতে নিলুফা ইয়াসমিন ওরফে ফারজানা (১৯) নামের এক যুবতী নিহত হয়েছে।

সে ওই গ্রামের মৃত মোস্তফা মিয়ার কন্যা। সোমবার রাতে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুই বছর আগে নিলুফাকে বিয়ে দেয়া হয় উত্তর সাঙ্গর গ্রামের আব্দুল কাইয়ুমের নিকট। বিয়ের পর নিলুফা তার ভাইয়ের কাছে সম্পত্তির হিসাব চায়। এ নিয়ে প্রায়ই তাদের মাঝে মনোমালিন্য ও বিরোধ চলে আসছিল। সম্প্রতি নিলুফার ভাই মিজান ও ভাবী তাকে নাইওর আনে।

গতকাল ওই সময় সম্পত্তি নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ভাই ভাবী তাকে লাঠি দিয়ে বেধড়ক প্রহার করলে ঘটনাস্থলেই নিলুফা মাটিতে লুটিয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে ভাই ও ভাবী বাড়ি থেকে সটকে পড়ে। পরে এলাকাবাসি সুজাতপুর ফাঁড়ি পুলিশকে নিলুফার মৃত্যুর খবর দিলে ইনচার্জের নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক জানান, ধারণা করা হচ্ছে লাঠির আঘাতে মৃত্যু হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট এলে মূল কারণ জানা যাবে।

Related Articles

Back to top button