টিভি অভিনেত্রীকে ধর্ষণের কথা স্বীকার করল ইভান


মিডিয়া ডেস্ক : রাজধানীর বনানীতে জন্মদিনের পার্টির কথা বলে ডেকে নিয়ে এক টিভি অভিনেত্রীকে ধর্ষণের মামলায় গ্রেফতার বাহাউদ্দিন ইভান (২৮) প্রাথমিকভাবে ধর্ষণের দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে ইভানকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতারের পর সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ কথা র্যাবের কাছে স্বীকার করেছে।
রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে শুক্রবার (৭ জুলাই) সংবাদ সম্মেলনে এ কথা জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।
তিনি বলেন, মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি র্যাবও ইভানকে গ্রেফতারে গোয়েন্দা কার্যক্রম জোরদার করে। পরিবারের কাছ থেকে তাদের আত্মীয়-স্বজনদের তথ্য সংগ্রহ করে সেসব এলাকায় অভিযান চালানো হয়। অবশেষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জে তার এক আত্মীয়র বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য উল্লেখ করে তিনি বলেন, ইভান প্রাথমিকভাবে ধর্ষণের দায় স্বীকার করেছে। এছাড়া আরও কয়েকটি বিবাহ বহির্ভূত সম্পর্কের কথাও স্বীকার করেন তিনি। ইভান ক্যাম্ব্রিয়ান কলেজে নবম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করে বাবার ব্যবসা দেখাশুনা করতো। ২০০৫ সাল থেকে সে বিভিন্ন মাদকে আসক্ত হয়। দুই বার তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রাখা হয়েছিল।
মুফতি মাহমুদ বলেন, তার বিভিন্ন অপকর্মের কারণে ২০০৮ সালে তার বিয়ে করিয়ে দেয় পরিবার এবং বাহাউদ্দিনের পাঁচ বছর ও দেড় বছর বয়সী দুই সন্তান রয়েছে। তার সঙ্গে মামলার বাদী ওই তরুণীর অনেকদিন আগে পরিচয় হয় এবং তাদের মধ্যে একটি ভালো সম্পর্ক ছিল। ৫ তারিখ দুপুরে বনানী থানায় মামলা হলেও তরুণী থানায় অভিযোগ করেন সকালে। অভিযোগের পর পরই ইভানের বাসায় অভিযান চালায় পুলিশ। তখন সে বাসার ছাদে লুকিয়ে ছিল। পুলিশ চলে যাওয়ার পরই বাসা থেকে বের হয়ে দক্ষিণখানে এক আত্মীয়ের বাসায় চলে যায়।
মিডিয়া উইংয়ের পরিচালক বলেন, পরদিন সকালে সিলেট অথবা কুমিল্লা যাওয়ার পরিকল্পনা করলেও নারায়ণগঞ্জের খালার বাসায় যায় সে। বিকেলে সেই বাসা থেকেই তাকে গ্রেফতার করা হয়। মামলাটি যেহেতু বনানী থানা তদন্ত করছে সেহেতু আসামীকে বনানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে, বুধবার (৫ জুলাই) দুপুরে বনানী থানায় ইভানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা (মামলা নং-৮) দায়ের করে ওই তরুণী। মামলায় অভিযোগ করা হয়- মঙ্গলবার (৪ জুলাই) রাতে ইভান জন্মদিনের পার্টির কথা বলে পূর্বপরিচিত ওই তরুণীকে বনানীর নিজ বাসায় ডেকে নেন। কিন্ত ওই তরুণী সন্ধ্যার পর বাসায় গিয়ে দেখেন, কেউ নেই। এরপর তাকে আটকে ধর্ষণ করে রাত ৩টার দিকে বাসা থেকে বের করে দেয় ইভান।




