বানিয়াচংয়ে দু’পরিবারের সংঘর্ষে স্কুল ছাত্রী নিহত: আহত ২

বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচংয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পরিবারের সংঘর্ষে চতুর্থ শ্রেণির ছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে দোকানটুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মারজিয়া আক্তার একই গ্রামের মোতালিম মিয়ার মেয়ে। মারজিয়া বড়বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ত।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঘরের পাশের এক খন্ড জমি নিয়ে মোতাব্বির ও মোতালিম দুই সহোদরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার রাতে ওই জমি নিয়ে দুই ভাই বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাধে দুই পরিবারের মধ্যে। সংঘর্ষে গুরুতর আহত হয় মারজিয়া। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সংঘর্ষে গুরুতর আহত মারজিয়ার বাবা মোতালিম মিয়া হবিগঞ্জ সদর আধুনিক ও মা ফাতেমা বেগমকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে।




