লিড নিউজ

নবীগঞ্জে পুত্রকে কুপিয়ে হত্যা করল পাষন্ড পিতা

নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলায় করগাঁও ইউনিয়নের লক্ষীপুর গ্রামে রোববার বিকেল ৪টার দিকে পিতার হাতে পুত্র খুন হয়েছেন। নিহতের নাম এনামুল হক (১২)। পিতা আদম আলী (৬৫) ধারালো দা দিয়ে কুপিয়ে তাকে খুন করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পিতা আদম আলী (৬৫) বেশ কিছু দিন আগে জেল থেকে বেরিয়ে আসে। তার চলাফেরা ছিল অনেকটা অস্বাভাবিক। রোববার মাদ্রাসায় না যাওয়ায় ক্ষেপে যান পিতা। এক পর্যায়ে পাষন্ড পিতা ধারালো ‘দা’ দিয়ে মাদ্রাসা পড়ুয়া ছাত্র এনামুল হক’কে (১২) কোপাতে থাকেন। এই দৃশ্য দেখে আশপাশের মানুষ চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় লোকজন লাটিসোঠা নিয়ে ধাওয়া করে আদম আলীর কবল থেকে ছেলেকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে আসেন। এ পর্যায়ে কর্তব্যরত চিকিৎসক এনামুলের অবস্থা বেগতিক দেখে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করেন। পথি মধ্যে গোয়ালাবাজারে পৌঁছার পর পর এনামুল হকের মৃত্যু হয়।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই প্রদ্যুৎ ঘোষ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ সন্ধ্যা ৬টার দিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঘাতক পিতা আদম আলীকে গ্রেফতার করে। এ ঘটনায় নিহত এনামুল এর মা রোকেয়া বেগম তার স্বামীকে একক আসামী করে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন । নবীগঞ্জ থানার এস আই প্রদ্যুৎ ঘোষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক পিতাকে আটক করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

Related Articles

Back to top button