এবার বিপিএলে নতুন মালিকানায় ফিরছে সিলেট


বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবি পরিচালক শেখ সোহেল শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গতবার সিলেটকে আসরের বাইরে রেখে দিয়েছিলাম, যাতে ভাল কাউকে দিয়ে দল পরিচালনা করা যায়। আপনারা জানেন যে, অর্থমন্ত্রী সিলেটের দায়িত্ব নিজে নিয়েছেন। এবার সিলেটে একটা ভেন্যু হবে ও খেলা পরিচালনা হবে। আমরা আশা করি, গুণগত মানসম্পন্ন একটি দল হিসেবেই সিলেট বিপিএলে অংশ নেবে।’
একইসঙ্গে নতুন ভেন্যু হিসেবে সিলেটের নাম উল্লেখ করে শেখ সোহেল বলেন, ‘ঢাকা ও চট্টগ্রামের পর এবারই প্রথমবারের মতো সিলেটে বিপিএলের খেলা অনুষ্ঠিত হবে।’
বিপিএলের প্রথম তিন আসরের সবক’টিতেই খেলেছিল সিলেটের ফ্র্যাঞ্চাইজি। প্রথম দুই আসরে সিলেট রয়্যালস নামের দলটির মালিকানায় ছিল ওয়ালটন। তৃতীয় আসরে আলিফ গ্রুপ মালিকানা কিনে নিয়ে নাম রাখে সিলেট সুপারস্টার। তবে বিসিবির ফ্র্যাঞ্চাইজি ফি ও ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে ব্যর্থ হওয়ায় গত আসরে আলিফ গ্রুপকে নিষিদ্ধ করা হয়। যে কারণে চতুর্থ বিপিএলে সিলেটের ফ্র্যাঞ্চাইজি ছিল না।




