সুনামগঞ্জে গৃহবধূকে অপহরণ, মুক্তিপণ দাবি দুই লাখ টাকা


তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জে এক গৃহবধূকে অপহরণ দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা।
সোমবার সকালে শহরের পশ্চিমহাজি পাড়ার মদনিয়া মাদ্রাসার সামনে থেকে তাকে অপহরণ করা হয়।
অপহরণকৃত নেহারুন নেছা (৩৫) শহরের বড়পাড়ার শাহজাহান মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, পৌর শহরের বড়পাড়ার নেহারুন নেছা তার শিশু সন্তানকে মদনিয়া মাদ্রাসায় পৌঁছে দিয়ে বাসায় ফিরছিল। পথেই একদল দুর্বৃত্ত তার নাকে রুমাল চেপে ধরে অজ্ঞান করে সুনামগঞ্জ -সিলেট সড়ক থেকে অপহরণ করে নিয়ে যায়।
এদিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাবার পর নেহারুন নেছার জ্ঞান ফিরলে তিনি একটি আবদ্ধ ঘরে আটকে থাকা অবস্থায় নিজের মোবাইল ফোনে বাসায় থাকা তার স্বামীকে অপহরণের বিষয়টি জানিয়ে তাকে উদ্ধারের আকুতি জানান। অপরদিকে অপহরণের কথা জানালেও কোথায় তাকে আটকে রাখা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য স্বামীকে জানাতে পারেননি তিনি।
অপহরণের পরদিন মঙ্গলবার স্ত্রীর মোবাইল ফোন থেকে পুরুষ কন্ঠে শাহজাহানের নিকট ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে নেহারুনকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার কথা বলেই মোবাইল ফোনটি বন্ধ করে দেয়।



