

ডেস্ক রিপোর্ট ॥ মৃত্যুর কাছে হার মানলেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব (৩০)। শনিবার রাত রাত ১০টা ৪৫ মিনিটে রাজধানী ঢাকার ধানমন্ডি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না—-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। ১০ এপ্রিল বিএনপি’র সিলেট বিভাগীয় মহাসমাবেশে শ্লোগানরত অবস্থায় অসুস্থ হয়ে পড়া হাবিব ২৭ দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, মা-বাবা, দুই ভাই ও এক বোনসহ অনেক গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। নগরীর মেন্দিবাগে তার বাসা। তিনি কিডনী এবং হার্ট সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।
সিলেট মহানগর বিএনপি’র সহ-সভাপতি সালেহ আহমদ খসরু জানান, গত ১০ এপ্রিল বিএনপি’র সিলেট বিভাগীয় মহাসমাবেশে শ্লোগানরত অবস্থায় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন ছাত্রদল নেতা হাবিব। তাৎক্ষনিকভাবে তাকে ইবনে সিনা হাসপাতালে এবং পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সপ্তাহখানেক আগে তাকে রাজধানীর ধানমন্ডি ক্লিনিকে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়। তিনি জানান, রাতেই লাশ নিয়ে স্বজনরা সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। লাশ সিলেটে আসার পর তার দাফন-কাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি। তিনি জানান, মাত্র দেড় বছর আগে বিয়ে করেছিলেন এ ছাত্রদল নেতা। গ্রামের বাড়ি চট্টগ্রামে হলেও সিলেট নগরীতেই হাবিবের বেড়ে উঠা বলে জানান তিনি।



