শাবিপ্রবি সঞ্চালনের সাংগঠনিক সপ্তাহ শুরু


মিছবা উল হক চৌধুরী, শাবিপ্রবি প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব্যবিদ্যালয়ের রক্তদান বিষয়ক সংগঠন সঞ্চালনের সাংগঠনিক সপ্তাহ শুরু হয়েছে। গত রবিবার বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় সংগঠনটির ট্যান্টের উদ্বোধন করা হয়।
সপ্তাহব্যাপী এই কর্মযজ্ঞের সমাপ্তি হবে বৃহস্পতিবার। সাংগঠনিক সপ্তাহ চলাকালীন সময়ে সঞ্চালনের ট্যান্টে সদস্য নিবন্ধন ফর্ম ও টি-শার্টও পাওয়া যাচ্ছে। পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থাও রয়েছে এই ট্যান্টে। সঞ্চালনের সাংগঠনিক সপ্তাহ সম্পর্কে সভাপতি আতিয়ার রহমান বলেন, ‘চরম মুহূর্তে এক ব্যাগ রক্তই যখন হয়ে উঠে নতুন এক জীবনের সঞ্জীবন, তখনই এগিয়ে আসে সঞ্চালন। পরম ভালোবাসায় সূচনালগ্ন থেকেই রক্ত সরবরাহ করে আসছে সঞ্চালন।
এতো দিনের পথচলায় রক্তদাতা এবং গ্রহীতার ভালোবাসায় সৃষ্টি হয়ে গেছে বিশাল এক পরিবার। আত্মার বন্ধনে রক্ত সরবরাহ ছাড়াও মানবতার অন্যান্য ডাকেও সদা এগিয়ে আসে সঞ্চালন। বিশাল এই পরিবারের একটাই মুখ্য উদ্দেশ্য, আর্ত মানবতা। এই বিশাল পরিবারের আরো একজন সদস্য হতে চাইলে চলে আসুন শীঘ্রই। হাত বাড়িয়ে দিন।’ উল্লেখ্য যে, ‘রক্তের প্রবাহে গড়ি আত্মার বন্ধন’ এই স্লোগানকে ধারণ করে সঞ্চালনের যাত্রা শুরু হয় ২০০৯ সালের ০৫ই এপ্রিল। 
দীর্ঘ আট বছরের পথচলায় সংগঠনটির অর্জন কম নয়! এ পর্যন্ত শাবিপ্রবি ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাহির সব মিলিয়ে প্রায় ১১০০০ মানুষের রক্তের গ্রুপ নির্ণয়ের অভিজ্ঞতা রয়েছে সঞ্চালনের। তাছাড়া সিলেট শহরের বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকে প্রায় ৬০০০ ব্যাগ রক্ত সরবরাহ করেছে সংগঠনটি। বিগত চার বছর ধরে শাবিপ্রবি ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে সকল ছাত্রছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয়ের কাজটি সফলভাবে পরিচালনা করছে সঞ্চালন।
সঞ্চালনের প্রচেষ্টার ফলে শাবিপ্রবি শিক্ষার্থীদের পরিচয়পত্রের মধ্যে রক্তের গ্রুপের তথ্য সংযোজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । রক্তদান ছাড়াও সংগঠনটি চ্যারিটি ফিল্ম প্রদর্শনী, আর্তপীড়িতদের জন্য ফান্ড সংগ্রহ এবং শীত বস্ত্র বিতরনের মত কার্যক্রমও নিয়মিত পরিচালনা করছে।




