রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জঙ্গি রিপনের


নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল (র.)-এর মাজারে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ আসামির অন্যতম সিলেট কেন্দ্রিয় কারাগারে বন্দি জঙ্গি দেলোয়ার হোসেন রিপন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেছেন।
সোমবার তিনি এ প্রাণভিক্ষার লিখিত আবেদন করেন।
সিলেট কেন্দ্রিয় কারাগারের সিনিয়র জেল সুপার ছগির মিয়া বিষয়টি নিশ্চত করে বলেন, আজ দুপুরে রিপনের লিখিত ক্ষমা প্রার্থনার আবেদন আমরা পেয়েছি। পরে সেটা যথাযথ প্রক্রিয়ার রাষ্ট্রপতি বরাবর পাঠানো হয়েছে।
এর আগে গত বুধবার সকালে রিপনকে রিভিউ খারিজ করে হাইকোর্টের দেয়া মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পড়ে শোনানো হয়। তখন রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কিনা জানতে চাওয়া হলে রিপন জানান, তিনি আইনজীবী ও পরিবারের সাথে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন। পরদিন বৃহস্পতিবার তিনি মৌখিকভাবে প্রাণভিক্ষা চাওয়ার সিদ্ধান্তের কথা জানান।
মামলার অপর দুই আসামি জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নান ও জঙ্গি শরীফ শাহেদুল বিপুল বন্দি আছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রিয় কারাগারে। তারা ইতোমধ্যেই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেছেন।
রাষ্ট্রপতি তাদের প্রাণভিক্ষা দিতে আনুষ্ঠানিক অসম্মতি জানালে এই ৩ জঙ্গির ফাঁসি কার্যকরে আর কোনো বাধা থাকবে না। যেকোন সময় তাদের ফাঁসি কার্যকর করতে পাবে কারা কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ মে সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজারের প্রধান ফটকে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা হয়। হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত এবং আনোয়ার চৌধুরীসহ ৭০ জন আহত হন। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর মুফতি হান্নান, শরীফ শাহেদুল ওরফে বিপুল, দেলওয়ার ওরফে রিপনকে মৃত্যুদন্ড এবং মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ও আবু জান্দালকে যাবজ্জীবন দ- দেন সিলেট দ্রুত বিচার আদালত।
রায়ের বিরুদ্ধে আপিল করে আসামিরা। গত বছরের ১১ ফেব্রুয়ারি পূর্বোক্ত রায় বহাল রাখেন হাইকোর্ট। পরে আসামিদের আপিল গত ৭ ডিসেম্বর খারিজ করে দেন আপিল বিভাগ। চলতি বছরের ১৭ জানুয়ারি পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। গত ২৩ ফেব্রুয়ারি আসামিরা রিভিউ আবেদন করেন। ১৯ মার্চ সে আবেদন খারিজ হয়। পরে গত ২১ মার্চ রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।




