বিয়ানীবাজারে যুবকের লাশ উদ্ধার

বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজার ও বড়লেখা উপজেলার সীমান্তঘেষা সুনাই নদীর টেকইকোনা এলাকার ঘেরের পাশ থেকে জবরুল হোসেন (৪০) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। তিনি পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রাম ওয়াহিদপুর গ্রামের বাসিন্দা।
সোমবার সকালে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের টেকইকোনায় সোমবার সকালে একটি লাশ নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা বিয়ানীবাজার থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরীর পর ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত জবরুল ওই এলাকায় প্রায়ই রাতে বড়শী নিয়ে মাছ ধরতে যান। এদিন বাড়িতে না ফেরায় তারা জবরুলের খোঁজ করতে থাকেন। একপর্যায়ে লোকমুখে নদীতে লাশ ভাসার খবর পেয়ে সেখানে যান এবং নদীর পাড়ে তার ব্যবহৃত বড়শী, মোবাইল ও অন্যান্য জিনিস দেখতে পেয়ে তারা জবরুলের লাশ সনাক্ত করেন।
বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বুঝা যাবে এটা হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু।



