লিড নিউজ

ধর্মপাশায় তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

ধর্মপাশা প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন মধ্যনগর থানার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রাম থেকে মো.মুক্তার হোসেন (২০)নামের এক তরুণের ঝুলন্ত লাশ বৃহস্পতিবার বিকেলে উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী, মধ্যনগর থানা পুলিশ ও ওই তরুণের পরিবার সূত্রে জানা গেছে,উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রামের মো.মুক্তার হোসেনের সঙ্গে একই গ্রামের এক তরুণীর (১৮) বিয়ের আয়োজনের জন্য উভয় পক্ষের লোকজনদের মধ্যে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল।
গত বুধবার রাতে ওই তরুণীটির বাবা অন্য এক যুবকের সঙ্গে বিয়ের দিনক্ষণ ঠিক করেন। আর এ খবর শুনে ওইদিন রাত দশটার দিকে ওই তরুণ নিজ বসত ঘর থেকে বের হন। বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে রূপনগর গ্রামের সুজাহর মিয়ার বাড়ির পেছনের বড়ই গাছের ডালের সঙ্গে গলায় রশি পেছানো অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পান এলাকাবাসী । খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করে ।
মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, ওই তরুণের লাশ বৃহস্পতিবার বিকেলে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিজের পছন্দের মেয়েকে বিয়ে করতে না পারায় অভিমানে ওই তরুণ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এই মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে কী না তা তদন্ত করে দেখা হচ্ছে।

Related Articles

Back to top button