বানিয়াচংয়ে ৫ মাসে পবিত্র কোরআন হিফজ করল ১০ বছরের কিশোরী

স্টাফ রিপোর্ট:
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ফারিহা সুলতানা (১০) নামে এক কৃতি ছাত্রীকে সংবর্ধনা দিয়েছে বানিয়াচং দারুন নাশাত। শনিবার (২ জানুয়ারি) সকাল ১০টায় মিলনায়তনে ‘দারুন নাশাত’র পরিচালক মাওলানা আব্দুল হালিম নোমানী আল আজহারীর সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নতুন প্রজন্মকে পবিত্র ইসলামের মৌলিক শিক্ষা দিতে হবে। আর সেই শিক্ষাটাই দিচ্ছে বানিয়াচংয়ের ‘দারুন নাশাত’। এখান থেকে পবিত্র কোরআন-হাদীসসহ জেনারেল শিক্ষায় পাঠদান দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের। সেটা সময়ের উপযোগি একটি সিদ্ধান্ত।
বিশেষ করে কোরআন শরীফ যদি অর্থসহ পড়া যায় তাহলে সেটার গুরুত্ব আরও অপরিসীম। এ প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী যদি অর্থসহ পবিত্র কোরআন পড়তে পারেন, তাহলে সেটার পুরস্কার আমি বহন করব।
তিনি আরও বলেন, হযরত মুহম্মদ (সা.) প্রতিবেশির হক্ব সম্পর্কে খুব গুরুত্ব দিয়েছেন। মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন বলেই সৃষ্টির শ্রেষ্ঠজীব মানুষ হিসেবে সৃজন করেছেন। সেই ভালোবাসার মানুষ হয়ে ভাই অথবা প্রতিবেশির বুকে কেমনে ফিকল বিদ্ধ করি তা কি হৃদয়ে লাগে না!
‘দারুন নাশাত’র পরিচালক মুফতি হামিদুর রহমান চৌধুরী সুমন এর সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসাতুল হারামাইন এর প্রধান পরিচালক আল্লামা শায়খ মখলিছুর রহমান, হবিগঞ্জ অটো রাইছ মিল মালিক সমিতির সভাপতি মোঃ ছামির আলী, এস আই আব্দুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আরিফ সিদ্দিক, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট লেখক মাওলানা শায়খ সিরাজুল ইসলাম এবং শায়খ আবু নছর কোরাইশী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নজরুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা শফিকুর রহমান, মাওলানা মশিউর রহমান, সাংবাদিক আবদাল মিয়া, মুফতি ফরিদ উদ্দিন মাসুদ, আরশাদ ফজলে খোদা লিটন, হাফেজ বশির আহমদসহ অভিভাবক, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।
২০২১ সালের নতুন বই এবং বিভিন্ন গ্যাটাগরিতে কৃতি শিক্ষার্থীদের ১১০টি পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে মাত্র ৫ মাসে পবিত্র কোরআনুল কারীম হিফজ সমাপন করায় বানিয়াচং ফাজিল মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ ফরিদুল ইসলাম আলমগীর এর মেয়ে ফারিহা সুলতানাকে দারুন নাশাতের অন্যতম পরিচালক বৃটেন প্রবাসী মুফতি জুনাইদ আহমদ এর পক্ষ থেকে ১০ হাজার টাকা, প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাতাকে অত্যাধুনিক ডিনার সেট এবং পিতাকে বিভিন্ন উপহার প্রদান করা হয়।
একের পর এক কৃতি ছাত্র উপহার, ইংরেজি, আরবি ও বাংলায় পাঠদান এবং আন্তর্জাতিক হাফেজ এবং ক্বারীদের সংবর্ধনা প্রদান এর মধ্যে দিয়ে বানিয়াচং তথা হবিগঞ্জের অন্যতম এক বিদ্যাপীটে উন্নীত হয়েছে ‘দারুন নাশাত’। যা সকল শ্রেণিপেশার মানুষের মধ্যে এ প্রতিষ্ঠান দিয়ে ব্যাপক আস্থা এবং আগ্রহ সৃষ্টি হয়েছে।




