লিড নিউজ

রবির অ্যাকাউন্ট বন্ধে এনবিআরের আবেদন আপিলের নিষ্পত্তি

নিউজ ডেস্ক:: মূল্য সংযোজন কর ফাঁকির অভিযোগে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ রাখা সংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। রবিবার (৪ মার্চ) এক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সমন্বয়ে গঠিত চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে এনবিআরের আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।

পরে মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘পাওনা টাকা আজ (রবিবার)রবি পরিশোধ করবে বলে জানানো হয়েছে। তাই আদালতকে এ বিষয়টি অবহিত করা হলে এনবিআরের আবেদনটি নিষ্পত্তি করে দেন আপিল বিভাগ।’

গত ২৭ ফেব্রুয়ারি মূল্য সংযোজন কর ফাঁকির অভিযোগে মোবাইল ফোন অপারেটর রবির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দে এনবিআরের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই স্থগিতাদেশ দেন।

এর আগের দিন (২৬ ফেব্রুয়ারি) মূল্য সংযোজন কর ফাঁকির অভিযোগে রবির ব্যাংক অ্যাকাউন্টগুলো তিন দিনের জন্য জব্দ রাখতে সব ব্যাংককে নোটিশ দেয় এনবিআর। প্রায় ১৯ কোটি টাকা ভ্যাট ও সম্পূরক শুল্ক ফাঁকির অভিযোগে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) থেকে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে ওই চিঠি পাঠানো হয়।

এই সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে রিট করে রবি। রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত এনবিআরের চিঠির কার্যক্রম স্থগিতের আদেশ দেন। তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। শর্ত পূরণ হওয়ায় সেই আপিল আবেদন রবিবার নিষ্পত্তি করে দেন আপিল বিভাগ।

Related Articles

Back to top button