বানিয়াচংয়ে সাংবাদিক সুমনকে লাঞ্চিত করল স্বেচ্ছাসেবকলীগ নেতা


বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : সংবাদ সংক্রান্ত বিষয় নিয়ে দৈনিক সমকাল পত্রিকার বানিয়াচং প্রতিনিধি ও বানিয়াচং প্রেসক্লাবের প্রচার সম্পাদক, সিলেট মিডিয়ার সিনিয়র স্টাফ রিপোর্টার রায়হান উদ্দিন সুমনকে লাঞ্চিত করেছে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারি আশসাফ চৌধুরী বাবু। সোমবার সকাল সাড়ে এগারটার দিকে উপজেলা পরিষদ মাঠে এ ঘটনা ঘটে।
জানা যায়, কয়েকদিন পূর্বে জাতীয়, স্থানীয়সহ বেশ কয়েকটি পত্রিকার নিজস্ব প্রতিনিধির বরাত দিয়ে মাদক নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশের পর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারি বাবু সমকাল প্রতিনিধি সুমনকে মোবাইলে বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে আসছে।
ঘটনার দিন সংবাদ সংক্রান্ত একটি বিষয়ে উপজেলা এলজিইডি অফিসে যান তিনি। সেখানে কাজ শেষে আসার পথে মাঠের মধ্যে তার উপর অতর্কিত হামলা চালায় সেক্রেটারি বাবু।
পরে আশেপাশের মানুষ এগিয়ে এসে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। তাৎক্ষনিক বিষয়টি প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীদের অবহিত করেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে,সেক্রেটারি বাবু নিজে একজন মাদকসেবী। আশেপাশের ইউনিয়নে ইয়াবাসহ বিভিন্ন মাদক চালান দিয়ে আসছে।



