যুবকদের নেতৃত্বে শাল্লায় জনগুরুত্বপূর্ণ রাস্তা স্বেচ্ছাশ্রমে নির্মাণ


বিশেষ প্রতিনিধি : উপজেলার ২নং হবিবপুর ইউপি’র আনন্দপুর গ্রামে স্বেচ্ছাশ্রমে বিকাশ চক্রবর্তীর নেতৃত্বে রাস্তা নির্মাণ করেছে গ্রামের বেশ কিছু সংখ্যক যুবক।
শুক্রবার এ রাস্তার কাজ সমাপ্ত হয়। যা ১ জুলাই গ্রামের যুবকগণ জনস্বার্থে স্বেচ্ছাশ্রমে কাজ শুরু করেন। রাস্তাটি আনন্দপুর গ্রামের মধ্যপাড়া (নমসূদ্র হাটি) ভায়া উত্তরহাটি থেকে শাল্লা-দিরাই মূল সড়কে মিলিত হয়। যা দৈর্ঘ্য ৫৪০ফুট, উচ্চতা ৩ফুট। এ রাস্তাটি পূর্ণাঙ্গ হওয়ায় শুধু আনন্দপুর গ্রাম নয় পাশ্ববর্তী গ্রামসমূহের সাধারণ লোকজনেরও ভরা বর্ষা মৌসুমে পায়ে হেটে চলাচলে সুযোগ বৃদ্ধি হয়েছে।
যুবকদের সাথে কথা বলে জানা যায়, তারা গ্রামবাসিসহ এলাকাবাসির কথা চিন্তা করে এ উদ্যোগ গ্রহণ করে।
তারা আরো বলেন, এ রাস্তাটির জন্য স্থানীয়ভাবে সরকারি সাহায্যের জন্য অনেক জায়গায় গিয়ে ব্যর্থ হয়ে স্বেচ্ছাশ্রমে কাজ করতে বাধ্য হয়েছেন।
এ কাজের জন্য আনন্দপুর গ্রামবাসি সংগঠিত এ যুবকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ বিষয়ে ঐ যুবক নেতা বিকাশ চক্রবর্তীর সাথে কথা হলে তিনি এ প্রতিবেদককে জানান যে, সমাজের জন্য কিছু একটা করাই তার ব্রত। তিনি সমাজের উপকার করতে পারলে স্বস্তিবোধ করেন। তিনি আরো বলেন, তার পিতাও একজন বিশিষ্ট সমাজসেবক ছিলেন।




