যে কারণে ওমানে আত্মহত্যা করলেন বাংলাদেশি প্রবাসী

যে কারণে ওমানে আত্মহত্যা করলেন বাংলাদেশি প্রবাসী।
ওমানের মাস্কাট শহরে সফি উল্যাহ ওরফে শাকিল (২৪) নামে এক বাংলাদেশি যুবক আত্মহত্যা করেছেন। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকায়। তিনি কাসেম মিয়ার নতুন বাড়ির শহীদ উল্যার ছেলে।
রোববার (২১ জানুয়ারি) ভোর রাতের দিকে ওমানের মাস্টাক শহরে তিনি আত্মহত্যা করেন।
নিহতের ভগ্নিপতি মো.আবু ছায়েদ ওরফে সালাউদ্দিন জানান, জীবিকার তাগিদে শাকিল প্রায় এক বছর আগে ওমানের মাস্কাট শহরে পাড়ি জমায়। সেখানে সে ইলেকট্রিক পাইপ ফিটারের কাজ করত। সে যাওয়ার আগে দায়-দেনা করে তারপর বিদেশে পাড়ি দেয়। এর মধ্যে দেশে তার পরিবার অনেক দেনায় পড়ে যায়। গত কিছু দিন যাবত এ বিষয় নিয়ে তার মধ্যে হতাশা কাজ করছিল। কিন্ত আমাদেরকে সে বিষয়টি বুঝতে দেয়নি। গেল ভোর রাতের দিকে ওমানের মাস্কাট শহরে তার থাকার ঘরের পাশে একটি নির্মাণাধীন ভবনে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। একই দিন সকালে নির্মাণাধীন ভবনের ফোরম্যান বিষয়টি মুঠোফোনে তার পরিবারকে জানান।
বসুরহাট বাশিন্দা সগীর আহমেদ বলেন, শাকিল দেশে থাকতে ছাত্রদলের সক্রিয় রাজনীতির সাথে জড়িত ছিল। এর মাঝে সে বিদেশে চলে যায়। কিন্তু সেখানে ভালো কিছু করতে না পারায় এবং দায় দেনায় চিন্তিত হয়ে পড়ায় আত্মহত্যা করেছে।
এদিকে শাকিলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার তার মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।




