লিড নিউজ

কেন্দ্রীয় শহীদ মিনারে সুরঞ্জিত সেনের মরদেহে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেন গুপ্তকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সিলেটবাসী। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে স্থাপিত অস্থায়ী মঞ্চে রাখা সুরঞ্জিতের মরদেহে ফুল দিয়ে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন।

সোমবার সকাল ১১ টার দিকে অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ শহীদ মিনারে আনা হয়। সেখানে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনসহ সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।

শ্রদ্ধা নিবেদনে উপস্থিত রয়েছেন অর্থ প্রতিমন্ত্রী আবদুল মান্নান, সাংসদ মুহিবুর রহমান মানিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান প্রমুখ।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর সুরঞ্জিত সেন গুপ্তের মরদেহ সুনামগঞ্জে নিয়ে যাওয়া হবে। সেখানে তাঁর নিজ জন্মস্থান দিরাইয়ে শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রসঙ্গত, রোববার ভোর রাতে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুরঞ্জিত সেন গুপ্ত।

Related Articles

Back to top button