জকিগঞ্জ সীমান্তে মাদক পাচারকারী আটক


জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে সীমান্তে নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়- সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ৪১ বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার জকিগঞ্জ থানার অন্তর্গত লক্ষ্মীবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়। অভিযানে লক্ষ্মীবাজার এলাকায় শরীরে বাঁধা অবস্থায় ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মো. সামছুদ্দোহা (৩০) নামে এক মাদক পাচারকারীকে আটক করে। সে জকিগঞ্জ থানার আনন্দপুর গ্রামের মো. ফজল আহম্মেদের পুত্র।
এ অভিযানে নেতৃত্ব দেন লক্ষ্মীবাজার বিওপির নায়েক মো. আইয়ুব আলী।
অভিযানে জব্দকৃত মাদকসহ আটককৃত আসামিকে জকিগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত মাদকের সিজার মূল্য আনুমানিক ৬ হাজার টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যবস্থা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সচেতন অভিভাবকম-লী, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে ভয়াবহ আগ্রাসী এই মাদক পরিবহণ, বাজারজাত, ব্যবহার রোধে সর্বাত্মকভাবে সচেষ্ট থাকতে এবং এ বিষয়ে তথ্য দিয়ে ৪১ বিজিবি’র চলমান মাদকবিরোধী অভিযানকে আরও ফলপ্রসূ করতে সহায়তা প্রদানের জন্য ৪১ বিজিবি’র পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।




