এমসি কলেজে ছাত্রদলকে ধাওয়াকারী ৬ অস্ত্রধারী শনাক্ত


নিজস্ব প্রতিবেদক : সিলেটের এমসি কলেজে দা ও রড উঁচিয়ে ছাত্রদলকে ধাওয়াকারী ৬ জনকে শনাক্ত করেছে পুলিশ। ৬ জনই সিলেটের এমসি কলেজের নিয়মিত ছাত্র ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এসব তথ্য আদালতের নির্দেশ অনুযায়ী একটি প্রতিবেদন আকারে মঙ্গলবার সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে দাখিল করেন সিলেট মহানগরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) শাহরিয়ার আলম মামুন।
বুধবার দুপুরে সিলেট দ্রুত বিচার আদালত পুলিশের দায়েরকৃত তদন্ত রিপোর্ট পর্যালোচনা করে দ্রুত বিচার মামলা নং-৭৮/২০১৭ সিআর মামলা দায়ের করেন। এরপর আদালত সেই অস্ত্রধারী ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
পুলিশের দেয়া তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়- সংবাদ মাধ্যমে অন্যান্যদের ছবি প্রকাশিত হলেও তদন্তকালে সর্বাত্মক চেষ্টা করেও তাদেরকে শনাক্ত করা সম্ভব হয় নাই। তদন্তকালে যাদের শনাক্ত করা হয়েছে তাহাদের বিরুদ্ধেও প্রকাশ্যে কোন স্বাক্ষ্য প্রমাণ পাওয়া যায় নাই। এমনকি তদন্তকালে এমসি কলেজের প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জিসহ ৪ জন ও ঘটনাস্থলে উপস্থিত থাকা শাহপরাণ থানার এসআই (নি.) পলাশ কানু, এসআই (নি.) আলতাফুর রহমান, এএসআই (নি.) কামাল হোসেনের সাথে কথা বলে তদন্ত কমিটি। ঘটনার দিন (৩০ জানুয়ারি) পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকার পরেও অস্ত্রধারীদের বিরুদ্ধে কোন ধরনের প্রদক্ষেপ না-নেয়ার পাশাপাশি ঘটনাস্থল থেকে কাউকে আটকও করেনি।
পুলিশের দেয়া তদন্ত রিপোর্ট অভিযুক্তরা হলেন- সিলেটের এমসি কলেজের ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থী মৌলভীবাজারের রাজনগর থানার উত্তরবাগ গ্রামের সুভাষ আচার্য্যের ছেলে সৌরভ আচার্য্য, এমসি কলেজ বিএসএস সম্মান ৩য় বর্ষের শিক্ষার্থী মহানগর পুলিশের শাহপরাণ থানাধিন নোয়াগাঁও এলাকার শফিক মিয়ার ছেলে তারেক আহমদ, এমসি কলেজ ডিগ্রি পাস ২য় বর্ষের শিক্ষার্থী সুনামগঞ্জের দিরাই থানার বড় নগদীপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রবিউল হাসান, এমসি কলেজের মাস্টা মাস্টার্স ১ম বর্ষের শিক্ষার্থী মোগলাবাজার থানার ঝাপা (দাউদপুর) গ্রামের শোয়েব আলীর ছেলে আলতাফ হোসেন মুরাদ, এমসি কলেজের বিএসএস সম্মান ৩য় বর্ষের শিক্ষার্থী শাহপরাণ থানাধীন মিরাপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সালামের ছেলে সালমান অপুর ওরফে সামছুল ইসলাম অপু, এমসি কলেজের বিএসএস সম্মান দর্শন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী সিলেটের কানাইঘাট থানার ফকিরেরগাঁও গ্রামের আব্দুস সালামের ছেলে আপন।
আদালত সূত্র জানায়, এমসি কলেজে প্রকাশ্যে অস্ত্রের মহড়ায় পুলিশ তদন্ত রিপোর্ট দাখিল করলেও এ রিপোর্টের প্রেক্ষিতে আদালত দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। পরবর্তীতে এ মামলার সাক্ষ্য গ্রহণ করবেন আদালত।
সূত্রে জানা যায়, সম্প্রতি ছাত্রদলের এমসি কলেজ শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দীর্ঘ প্রায় ১২ বছর পর কমিটি হওয়ায় গত ৩০ জানুয়ারি নবগঠিত কমিটি নিয়ে কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল করার প্রস্তুতি নেয় ছাত্রদল। এসময় ছাত্রলীগের একটি পক্ষ প্রকাশ্যে দা, রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উঁচিয়ে ছাত্রদলকে ধাওয়া করে ক্যাম্পাসছাড়া করে। পরদিন সংবাদমাধ্যমে এ ঘটনার সচিত্র প্রতিবেদন ছাপা হলে সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো ফৌজদারি কার্যবিধির (কোড অব ক্রিমিনাল প্রসিডিউর) ১৮৯৮-এর ২৫ ধারার ক্ষমতাবলে এক আদেশে ধাওয়াকারীদের চিহ্নিত করে তদন্ত প্রতিবেদন সাত দিনের মধ্যে জমা দিতে মহানগর পুলিশকে নির্দেশ দেন।
আদালতের স্বপ্রণোদিত ওই আদেশে বলা হয়, এ ঘটনায় সন্ত্রাসী কর্মকা-ের সুনির্দিষ্ট বিবরণ রয়েছে। এরপর আদালতের আদেশ পেয়েই যথারীতি তদন্তকাজ শুরু হয়। কিন্তু সাত দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করতে না পারায় আদালতে আরও সাত দিনের সময় বাড়ানোর আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করলে ৭ ফেব্রুয়ারি থেকে পুলিশের তদন্তকারী দল ছাত্রলীগের কর্মী বলে শনাক্ত করা হয়।



