শুভ দিনের প্রত্যাশায় ‘দৈনিক শুভ প্রতিদিন’


নিউজ ডেস্ক: শুভ দিনের প্রত্যাশা নিয়ে পূণ্যভূমি সিলেট থেকে আজ আত্মপ্রকাশ করছে নতুন ‘দৈনিক শুভ প্রতিদিন’। সিলেটের কোটি মানুষের আশা ভরসার পাত্র হতে চায় নতুন যাত্রা করা গণমাধ্যমটি। শুভ প্রতিদিনে কাজ করছেন সিলেটের একদল উদ্যোমী ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক। তারা বিগত দিনে বিভিন্ন গণমাধ্যমে নিজেদের কাজের মাধ্যমে রেখেছেন প্রতীভার স্বাক্ষর। ইতিমধ্যে শনিবার বিকালে আত্মপ্রকাশ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে নগরবাসীর কাছে বেশ ভালোভাবেই নিজেদের আগমনী বার্তা পৌঁছে দিয়েছে দৈনিক শুভ প্রতিদিন।
শোভাযাত্রার প্রাক্কালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সিলেটের সুধীজনরা তাদের প্রত্যাশায় কথা তুলে ধরেন। তারা বলেন- ‘নতুন দৈনিক শুভ প্রতিদিনের কাছে সিলেটবাসীর অনেক প্রত্যাশা। এই অঞ্চলে একটি পূর্ণাঙ্গ এবং সম্পূর্ণ নিরপেক্ষ সংবাদপত্রের অভাব দীর্ঘদিনের। শুভ প্রতিদিন যেনো সেই অভাব মোচনে এগিয়ে আসে। তারা আরোও বলেন- ‘শুভ প্রতিদিনকে নিরপেক্ষতা বজায় রেখে সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। তবেই এটি পাঠকের মাঝে স্থান করে নিতে পারবে। পত্রিকাটির শ্লোগান সত্য হলেই পাশে- শ্লোগানের মতোই সবসময় সত্যের পাশে থাকতে হবে শুভ প্রতিদিনকে।
গতকাল শনিবার বিকালে সংক্ষিপ্ত সমাবেশে দেয়া পৃথক পৃথক বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এসব কথা বলেন।
পরে তাদের বক্তব্যে জবাবে শুভ প্রতিদিনের প্রধান সম্পাদক লিয়াকত শাহ ফরিদী বলেন- সবার সহযোগিতায় শুভ প্রতিদিন সিলেটের গণমানুষের পত্রিকায় পরিণত হবে। সকলের প্রত্যাশা পূরণের প্রত্যয় নিয়েই এসেছে শুভ প্রতিদিন। এটি মুক্তিযুদ্ধের স্বপক্ষে থেকে দলমত-নির্বিশেষে সকল পাঠকের চাহিদা পূরণ করতে বদ্ধপরিকর। কোন গোষ্ঠি, মত কিংবা মতাদর্শের হয়ে কথা বলবে না সংবাদপত্রটি। শুভ প্রতিদিন কারও অনুকরণ হিসেবে নয়, নিজেদের চিন্তা চেতনা দিয়ে জনগণের পক্ষে প্রকাশিত হবে।
প্রসঙ্গত, নগরীর জেলরোড এলাকার হোটেল ডালাসের পাশে পিউলি মার্কেটের দ্বিতীয় তলায় দৈনিক শুভ প্রতিদিনের কার্যালয়।




