

নিউজ ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে ১২জন প্রার্থীর মধ্যে ৩জনের মনোনয়নপত্র বাতিল ও ৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে এখন পর্যন্ত মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান, এনামুল হক সরদার, মোহাম্মদ আব্দুর রব। আজ রবিবার সকাল ১১টার দিকে জেলা রিটার্নিং অফিসার কাজী এমদাদুল হক ৩জনের মনোনয়নপত্র বাতিল ও ৯জনের বৈধ ঘোষণা করেন।
বৈধ মনোনয়নপত্র ঘোষনাকারীরা হলেন-কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ও সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া, ‘নিখোঁজ’ ইলিয়াস আলীর স্ত্রী বিএনপি চেয়াপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনা ও তার ছেলে ব্যারিস্টার আববার ইলিয়াস, গণফোরাম নেতা মোকাব্বির খান, কেন্দ্রীয় খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মুনতাসির আলী, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মুশাহিদ খান, ন্যাশনাল পিপলস পার্টির মনোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আমির উদ্দিন, হাবিবুর রহমান।
বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসনে মোট ভোটার ২ লাখ ৮৬ হাজার ৩৮০ জন। তন্মধ্যে নারী ভোটার ১ লাখ ৪১ হাজার ৫৪৫ ও পুরুষ ভোটার ১ লাখ ৪৪ হাজার ৮৩৫ জন। সর্বশেষ দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী এহিয়া। এর আগে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের শফিকুর রহমান চৌধুরী এবং অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এম ইলিয়াস আলী নির্বাচিত হয়েছিলেন।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই হবে আজ রবিবার ২ ডিসেম্বর। বৈধ প্রার্থীরা আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। পরদিন ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। প্রার্থীরা ১১ ডিসেম্বর থেকেই প্রচারে নামতে পারবেন। ভোটগ্রহণ আগামী ৩০ ডিসেম্বর।




