ডাকাতি শেষে পলায়নকালে গণপিটুনিতে ডাকাত নিহত


ডেস্ক রিপোর্ট : এসএমপির জালালাবাদ থানাথীন কালীরগাওঁ (সিরাজপুর) গ্রামে ডাকাতি শেষে পলায়নকালে গণপিটুনিতে কালা মিয়া (৪০) নামের এক ডাকাত নিহত হয়েছে। নিহত ডাকাত কালা মিয়া কানাইগাটের তালবাড়ীর মৃত আব্দুর রহমানের ছেলে।
পুলিশের সুরতহাল ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় জালালাবাদ থানাথীন কালীরগাঁও এর সুরুজ মিয়ার বাড়িতে ডাকাতি শেষে সঙ্গ-পাঙ্গ নিয়ে পলায়নকালে সুরুজমিয়ার বাড়ীর লোকজন চিৎকার করায় এলাকাবাসী এগিয়ে আসে।
এসময় এলাকাবাসীর ধাওয়া খেয়ে জোরকুড়ির হাওরে আসলে এলাকাবাসীর সাথে ডাকাতদের সংঘর্ষ হয়। ডাকাতদের হামলায় এলাকার ৪জন লোক আহত হয়।
আহতরা হলেন, কালীরগাঁও গ্রামের আলী আহমদ (১৬), দুদু মিয়া (২৬), রমজান আলী (২০), সালেহ আহমদ (১৩)। সংঘর্ষের এক পর্যায়ে ডাকাত কালা মিয়া ধরা পড়লেও তার সঙ্গীরা পালিয়ে যায়।
এসময় এলাকাবাসীর গণপিটুনিতে গুরুতর আহত হয় ডাকাত কালা মিয়া। পওে বুধবার সকালে পুলিশ এসে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কালা মিয়ার মৃত্যুর খবর শুনে তার মরদেহ নিতে ওসমানী মেডিকেলে এসেছেন তার স্বজনরা।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন ,অন্যান্য ডাকাতদের গ্রেফতারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। থানা এলাকায় পুলিশী টহল আরো বৃদ্ধি করা হয়েছে।


