

নিজস্ব প্রতিনিধি :: বাংলা নববর্ষকে বরণ করতে নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটে পালিত হচ্ছে বাংলা নববর্ষ।

সকাল ৮টার দিকে সিলেট জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন, বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান, নগরী ও নগরীর বাহিরে অবস্থানরত শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের মঙ্গল শোভাযাত্রা বের করার মধ্য দিয়ে বর্ষ বরণের কার্যক্রম শুরু হয়।

শোভাযাত্রায় গ্রামীন কৃষকদের প্রতিচ্ছবি সমৃদ্ধ হাতিয়ার ও গৃহস্থালিতে ব্যবহৃত জিনিস কাগজ দিয়ে তৈরী করে বাঙ্গালির ঐতিহ্যের বহিঃপ্রকাশ করা হয়েছে। শোভা যাত্রায় হাতি, জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগারের মুখোশের প্রতিচ্ছবি শোভা পেয়েছে।

শোভাযাত্রায় অশুভ শক্তিকে বিতাড়িত করতে মৌন ধ্বনিও তোলা হয়। তবে শোভাযাত্রায় গতবারের মতো এবার ভুভুজেলা বা রং ছড়াছড়ির কর্মকান্ড লক্ষ করা যায়নি।
বর্ষবরণে সবচেয়ে উৎসাহ ও উচ্ছ্বাস প্রকাশ করছে শিশু-কিশোররা। নগরীর বিভিন্ন পয়েন্টে চিত্র অংকনকারী শিল্পী দিয়ে হাতে ও মুখাবয়ে নববর্ষ সম্পর্কিত বিষয় অংকন করা হচ্ছে।

নগরীতে জেলা প্রশাসকের আয়োজনে সবচেয়ে বড় মঙ্গলযাত্রা পরিচালিত হয়েছে। এছাড়াও নগরীতে অবস্থিত বিদ্যাপীঠে মঙ্গল শোভাযাত্রা পরিচালনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের আয়োজন করেছে।
নগরীর ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ব্যবসায়ীরা নতুন বছরের হালখাতা খুলেছেন। গত বছরের হিসাবে চুকিয়ে চলতি বছরের নতুন খাতায় ব্যবসার গতি যেন বেশী হয় সেই প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা।
এদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা অনুযায়ী বিকেল ৫টার মধ্যে সকাল আয়োজনের সমাপ্তি করতে হবে।




