লিড নিউজ

অর্থের অভাবেই মামুনের ডাক্তার হওয়ার স্বপ্ন বিলীণ

আব্দুর রহমান শাহীন, জুড়ী (মৌলভীবাজার): ছোট বেলা থেকে একটাই স্বপ্ন ও লক্ষ্য ছিল লেখা পড়া করে ডাক্তার হয়ে গরিব, অসহায় মানুষের সেবা করা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো স্কোর করেও, এইচএসসির ফলাফলে জিপিএ-৫ না থাকায় সরকারি মেডিকেল কলেজে অধ্যায়নের চান্স পাইনি। বেসরকারি মেডিকেলে ভর্তি হওয়ারও সামর্থ আমাদের নেই– অশ্রু ভেজা কন্ঠে এ কথাগুলো বলেন, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের মৃত মুহিবুর রহমান ও মোছাঃ রফিকুন নেছার দ্বিতীয় ছেলে আব্দুল্লাহ আল মামুন। ব্যয় বহুল বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি ও অধ্যায়নে সামর্থহীন হওযার ফলে অর্থের অভাবেই তার স্বপ্ন বিলীণ হওয়ার পথে। জানা যায়, আব্দুল্লাহ আল মামুন দোহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম ও দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে সরকারি বৃত্তি লাভ করে। ওই বিদ্যালয় থেকে ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়। ২০১৭ সালে জুড়ী টিএন খানম কলেজ থেকে (শারিরিক অসুস্থতার মধ্যেও) পরীক্ষা দিয়ে জিপিএ ৪.৩৩ পেয়ে এইচএসসি পরীক্ষায় উর্ত্তীণ হয়। মামুন এবারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটে পরীক্ষা দিয়ে সম্মিলিত মেধা তালিকায় ৬১ তম স্থান অর্জন করে। প্রতিবেদকের সাথে আলাপকালে মামুনের বড় ভাই হাফিজ আব্দুল্লাহ আল মাছুম বলেন, ২০০৬ সালে আমাদের পিতা ইন্তেকাল করেন। তাঁর মারা যাওয়ার পর থেকে ভাই, বোন ও আমার লেখাপড়ার ব্যয় এবং পরিবার হাল বড় ছেলে হিসেবে আমাকেই ধরতে হয়েছে। আর্থিক সংকটের কারণে দাখিল ও আলিমে জিপিএ ৫.০০ পেয়েও আমি ভালো কোনো প্রতিষ্ঠানে পড়ালেখা করতে পারিনি। তাই বাধ্য হয়ে ফাজিলে ভর্তি হয়ে পড়ালেখা পাশাপাশি বেসরকারি বিদ্যালয়ে সামান্য বেতন চাকুরী ও টিউশনী করে কোনোভাবেই পরিবারের ব্যয় ও আমরা তিন ভাই-বোনের পড়ালেখা ব্যয় চালিয়ে যাচ্ছি। সংসারিক অভাব অনটনের জন্য কোনোদিন কোন ব্যক্তি কিংবা আত্মীয়-স্বজনেরর কাছে হাত পাততে হয়নি আমাদের। কিন্তু এভাবে চোখের সামনে শুধুমাত্র অর্থের অভাবেই ছোট ভাইয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন ভেঙ্গে যাবে দেখে খুবই কষ্ট হচ্ছে। তিনি বলেন, সমাজ ও দেশের মধ্যে অনেক সরকারি বেসরকারি শিক্ষা উন্নয়নমুলক সংস্থা ও প্রতিষ্ঠান রয়েছে, কেউ কি আমার ভাইটির পড়ালেখার দায়িত্ব নিয়ে তার দীর্ঘদিনের স্বপ্নপুরণের কান্ডারি হতে পারেন না ? নাকি গরীব মেধাবি শিক্ষার্থীদের ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতে মানা ? যদি কোনো হৃদয়বান ব্যক্তি বা প্রতিষ্ঠান মামুনের স্বপ্ন পূরণের জন্য সহযোগিতার হাত বাড়ান, তাহলে আমরা চির কৃতজ্ঞ থাকবো। হাফিজ আব্দুল্লাহ আল মাছুম, মুঠোফোন01715237324, A/c—–72714 পূবালী ব্যাংক, দক্ষিণভাগ- বড়লেখা।

Related Articles

Back to top button