জাতীয়

গণতন্ত্র নাকি স্বৈরাতন্ত্রের পথে বাংলাদেশ: একের পর এক নাটকীয়তা

মো: আহসানুল করিম আদনান:
অবশেষে একের পর এক নাটকীয়তা এবং নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করলেন দেশের ২১ তম প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ,(এসে কে সিনহা)। ২০১৫ সালের ১৭ জানুয়ারি প্রধান বিচারপতি হিসেবে শপথ নেয়া এস কে সিনহা চাকরির মেয়াদ ছিল ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। ৩ জুলাই ২০১৭ সালে ষোড়শ সংশোধনী (“উচ্চ আদালতের বিচারকদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নেয়া”) বাতিলের সেই রায় বহাল রেখে রায় প্রকাশ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। বিচারপতি এসকে সিনহা সহ অন্যান্য বিচারপতি ৭৯৯ পৃষ্ঠার পর্যবেক্ষণ দেন এবং আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয় । রায়ে একক নেতৃত্বের সমালোচনা করায় বঙ্গবন্ধুকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ তুলে আওয়ামী লীগ। এছাড়াও ওই রায়ে পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেন দেশে মানবাধিকার ঝুঁকিতে, দুর্নীতি অনিয়ন্ত্রিত, সংসদ অকার্যকর, কোটি মানুষের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। ৭৯৯ টা রায়ের সরকার, সংসদ, রাজনীতি, নির্বাচন কমিশন, বিচার বিভাগ ,সামরিক শাসন এবং রাষ্ট্রীয় সমাজে বিভিন্ন বিষয়ে অনেক পর্যবেক্ষণ উঠে আসে।
এই রায়ের বিভিন্ন পর্যবেক্ষণ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী এমপি ও সরকার সামর্থক আইনজীবীরা তীব্র সমালোচনা শুরু করে। সরকার সামর্থক আইনজীবীরা পদত্যাগের আল্টিমেটাম দেন। পাশাপাশি রায়ের প্রধান বিচারপতির দেয়া পর্যবেক্ষণ স্বত:পনোদিত হয়ে প্রত্যাহারের দাবি জানান। ১৬ আগস্ট এই রায় নিয়ে বঙ্গভবনে প্রেসিডেন্ট মোঃ আব্দুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনা করেন।

এর পরবর্তী ঘটনা সমূহ বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে আমাদের সকলেরই জানা। পদত্যাগের এই ঘটনা বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন । এমনকি স্বৈরাচার হুসেন মোহাম্মদ এরশাদ সরকারের সময়ও কোন প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হয়নি। প্রধান বিচারপতি এমন ঘটনাবহুল পদত্যাগ বিচার বিভাগ ও আদালতের স্বাধীনতার জন্য কলঙ্ক । বিচার বিভাগের যে সামান্য স্বাধীনতা ছিল তা এই সরকার নস্যাৎ করে দিলো । আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে বিচার বিভাগের শ্রদ্ধার পরিবেশ নিশ্চিত করতে হবে। যেকোনো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য পূর্বশর্ত।

এই দিকে আগামী ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দূরে রাখতে জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত একটি বানোয়াট মামলায় ৫ বছরের সাজা দেওয়া হয়। এই বানোয়াট মামলার মাধ্যমে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন শেষ করে দেওয়ার নীল নকশা বাস্তবায়ন করা হয়েছে। বর্তমান আওয়ামীলীগ সরকার এই মামলাকে কিভাবে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে তার কিছু ধারণা নিম্নে আলোচনা করা হল:

তখনকার পররাষ্ট্রমন্ত্রী মোস্তাফিজুর রহমান (মরহুম) কুয়েতের আমিরের নিকট থেকে একটি ফান্ড আনেন শহীদ জিয়ার নামে এতিমখানা বানানোর উদ্দেশ্যে। কুয়েতের আমিরের সৌদি কমার্শিয়াল ব্যাংকের হিসাব হতে প্রেরিত ১২ লাখ ৫৫ হাজার মার্কিন ডলারের ডিডিতে ‘প্রধানমন্ত্রীর এতিম তহবিল’ লেখা ছিল বটে, কিন্তু বাস্তবে বাংলাদেশ সরকারের ঐরূপ কোনো ফান্ড ছিল না। ওটা একটা বেসরকারি অনুদান হওয়ার পরেও প্রেরকের ভুলের কারণে ঐরূপ হয়। ভারপ্রাপ্ত সচিব কামাল সিদ্দিকীকে ঐ ডিডি দেয়া হলে তিনি তা ভাঙানোর নিমিত্ত সোনালী ব্যাংক রমনা শাখায় একটি চলতি হিসাব খোলেন। পরে ঐ টাকা (৪ কোটি ৪৪ লাখ ৮১ হাজার ২১৬ টাকা) তুলে সেভিংস/এসটিডি/এফডিআর হিসাব খোলা হয়। ১৯৯৩ সালে সুদসহ তুলে পুরো টাকাটা ২ কোটি ৩৩ লাখ করে সমান দু’ভাগ করে এতিমখানা নির্মাণের নিমিত্ত বাগেরহাট এবং বগুড়ায় দুটি ট্রাস্টকে প্রদান করা হয়। এই চেক দু’টিতে সই করেন একাউন্ট হোল্ডার কামাল সিদ্দিকী। এর আগে দু’টি ট্রাস্ট গঠন ও রেজিস্ট্রি সম্পন্ন হয়। বাগেরহাটের জিয়া মেমোরিয়াল ট্রাস্টের সেটেলার হন পররাষ্ট্রমন্ত্রী মোস্তাফিজুর রহমান এবং বগুড়ার জিয়া অরফানেজ ট্রাস্টের সেটেলার হন তারেক রহমান। উল্লেখ্য যে এখানে বাগেরহাটের এই খন্ড নিয়ে কোনো অভিযোগ উত্থাপন করা হয়নি বা মামলাও হয়নি ।
এবারে বগুড়ার জিয়া অরফানেজ ট্রাস্ট নিয়ে আলোচনা। বগুড়ার জন্য বরাদ্দ করা ২.৩৩ কোটি টাকার মধ্যে মাত্র ২ লাখ ৭৭ হাজার টাকায় ট্রাস্টের নামে বগুড়াতে ২.৭৯ একর ধানি জমি ক্রয় করা হয়। বাদ বাকি সব টাকা ট্রাস্টের একাউন্টে আছে, তা স্বীকার করেছেন মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তা হারুন অর রশিদ। ট্রাস্টির সদস্যদের কর্মব্যস্ততার কারণে এই টাকা ব্যবহার করে এতিমখানা নির্মাণ করা হয়নি সত্য, তবে তারেক রহমান এতিমখানার ঐ টাকাকে উচ্চ মুনাফাধারী বিভিন্ন ব্যাংকে রেখে তা তিন গুণ বর্ধিত করেন। ট্রাস্টের সিদ্ধান্ত মোতাবেক তাদের পরিচিত সলিমুল হক কামালকে দায়িত্ব দেন ঐ টাকা ব্যাংকে রাখার জন্য। কামাল সাহেব তার নিজের নামে এবং তার পরিচিত গিয়াসউদ্দিন ও সৈয়দ আহাম্মদ নামে এফডিআর করেন পরে লাভসহ ভাঙ্গিয়ে সম্পূর্ণ টাকা ট্রাস্টের একাউন্টে জমা করা হয়।
২০০৬ সালে এতিমখানার জন্য ঢাকার কাছে আশুলিয়ায় জমি কেনার উদ্দেশ্যে জনৈক শরফুদ্দিনের সাথে বায়না করে ২টি এফডিআর মূলে অর্থ দেয়া হয়, যাতে মেয়াদান্তে ২.৫০ কোটি পাওয়ার কথা। কিন্তু ১/১১র পরে দেশে ধরপাকড় ও আতঙ্কজনক পরিস্থিতিতে এবং পরে তারেক রহমান গ্রেফতার হলে ঐ জমির রেজিস্ট্রি করা সম্ভব হয়নি। ফলে শরফুদ্দিন উক্ত এফডিআর ভেঙে ২.১০ কোটি টাকা ট্রাস্টকে ফেরৎ দান করেন। ( তথ্যসূত্র ১৯৯১ সালের প্রধানমন্ত্রীর অফিসের সহকারী সচিব শামসুল আলম) মূলত এটাই হলো মামলার ২.১০ কোটি টাকার উৎস। বাস্তবে ট্রাস্টের কাছে এখনও ৬ কোটির বেশি টাকা আছে ব্যাংকে। এখানে দুর্নীতির মামলা হলে ৬ কোটির জন্যই হওয়ার কথা। আর কুয়েতি অনুদান সংক্রান্তে মামলা হলে ১২.৫৫ লাখ ডলার বা ৪ কোটি ৪৪ লাখ ৮১ হাজার ২১৬ টাকার উপরে হওয়ার কথা। এর একটিও হয়নি। অর্থাৎ মামলাটি বস্তুনিষ্ট হয়নি, বরং বিশেষ উদ্দেশ্য সাধনের উদ্দেশ্যে দায়ের করা হয়েছে!

প্রকৃতপক্ষে, ১৯৯১ সালে ‘প্রধানমন্ত্রীর এতিম ফান্ড’ নামে সরকারি কোনো তহবিল ছিল না, এখনও নাই। ১৯৯১ সালের জুন মাসে দেশে রাষ্ট্রপতি শাসিত সরকারে প্রধানমন্ত্রীর কোনো নির্বাহী ক্ষমতা ছিল না। তাই ‘প্রধানমন্ত্রীর এতিম তহবিল’ থাকার কোনো প্রশ্নই ওঠে না। ফলে ঐরূপ কোনো ফান্ডের টাকা আত্মসাত বা ক্ষমতার অপব্যবহার করে টাকা সরানো স্রেফ কল্পনাপ্রসূত অভিযোগ ছাড়া আর কিছু নয়।
কেউ যদি অভিযোগ করে, আমার পকেট থেকে কেউ টাকা চুরি করেছে। পরে খুঁজে দেখা গেলো তার কোনো পকেটই নেই। তাহলে চুরির প্রশ্ন আসবে কী করে? এখানেও তেমন ঘটনা ঘটেছিল। প্রধানমন্ত্রীর এতিম ফান্ড ছিলই না, তাহলে টাকা তছরুপ হবে কী করে? ঐ ফান্ড কে সৃষ্টি করলো? সরকারি ফান্ড হলে প্রতিবছর তার অডিট হওয়ার কথা। এমন কিছু হয়েছিল কি? কোনো নিরীক্ষা হয়েছিল কি? হয়ে থাকলে সেই অডিট রিপোর্ট কই? আছে কি এমন কিছু? কিছুই নেই। তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদ নিজেও তা স্বীকার করেছেন।

এর মধ্য দিয়ে বর্তমান আওয়ামী লীগ সরকার বিরোধী দল বিএনপিকে রাজনৈতিকভাবে একঘরে করে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। যা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য হুমকি স্বরূপ।

একদিকে আওয়ামী লীগ সরকারের রুশানলে দেশের প্রধান বিচারপতির পদত্যাগ ও দেশ ত্যাগ আর অন্যদিকে দেশের প্রধান বিরোধী দলীয় নেতা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বানোয়াট মামলায় কারাবরণ। এইরকম ঘটনা স্বৈরা শাসক হোসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলেও ঘটেনি।এগুলো কিসের আলামত। জাতির কাছে প্রশ্ন!!

Related Articles

Back to top button