ছাতকে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ছাতক প্রতিনিধি :: ছাতকে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দু’ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে মহিলাসহ আরো ৩জন শ্রমিক। ঘটনাটি বুধবার রাত ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাতুয়াবাজার নামক স্থানে ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ এলাকায় বিল্ডিংয়ের ছাদ ডালাইর কাজ শেষে পিকআপ ভ্যান (নং-সিলেট ড, ১১-৯৮১) করে শ্রমিকরা জাউয়া এলাকায় যাওয়ার পথে বিপরিত দিক থেকে দ্রুতগামি যাত্রীবাহি মিনি বাস (নং-সিলেট-জ, ১১-০২৩০)’র সাথে মুখোমূখি সংঘর্ষ ঘটে। এসময় পিকআপ ভ্যানে থাকা নির্মাণ শ্রমিক জাউয়া ইউনিয়নের ঝামক গ্রামের জুনাব আলীর পুত্র আবদুল হক (৩৫) ও জাউয়া লক্ষমসোম এলাকার বাসিন্ধা আবদুল করিম (৬০) ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে আহত সুফিয়ান মিয়া (৪৫), সালেহ আহমদ (৪২) ও রিনা বেগম (৩৮)কেও স্থানীয় কৈতক হাসপাতালে ভর্তি করা হয়।
পরে আহত রিনা বেগমের অবস্থা অবনতি ঘটলে এখান থেকে প্রেরণ করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আহত সুফিয়ান মিয়া উপজেলার জাউয়া গ্রামের আবদুস ছোবহানের পুত্র, সালেহ আহমদ জাউয়া ইউনিয়নের ঝামক গ্রামের জুনাব আলীর পুত্র ও রিনা বেগমের বাড়ি পরবাপুর গ্রামে। সে ওই গ্রামের মবশ্বর আলীর স্ত্রী বলে জানাগেছে।
জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নির্মলেন্দু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাস ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের দু’নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে মহিলাসহ আরো ৩জন। এর মধ্যে গুরুতর আহত মহিলাকে কৈতক থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। লাশ, বাস ও পিকআপ ভ্যান হাইওয়ে পুলিশের জিম্মায় দেয়া হয়েছে। ঘটনার পর চালক ও হ্যালপার পালিয়ে গেছে।




