

ফাহাদ মারুফ: গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন বলেছেন, ‘সংবিধানের ৬০ অনুচ্ছেদে সুস্পষ্ট ভাবে লিখা রয়েছে জনগণই দেশের মালিক। কিন্তু বর্তমানে সেই জনগণ আর এখন দেশের মালিক নেই। এই অধিকার আমাদের আদায় করে নিতে হবে। আমাদের হারানো অধিকার ফিরে পেতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগণের মালিকানা প্রতিষ্ঠিত করতে হবে।’
বুধবার বিকেলে সিলেটের রেজিস্ট্রি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঐক্যফ্রন্টের ৭দফা দাবীর কথা তুলে বলেন, ‘আপনারা আমাদের ৭টি দাবীর কথা জেনে নিয়েছেন। আমাদের ১ নম্বর দাবি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এর সাথে আরো ৬টি দাবি রয়েছে। এসব দাবির কথা প্রতিটি গ্রামে, ইউনিয়নে, জেলায় ও উপজেলায় ছড়িয়ে দিতে হবে।’
তিনি আরও বলেন, এ ৭ দফাকে হালকাভাবে নেওয়া চলবে না। এটা অনেক মূল্যবান। এটা জনগণের হারিয়ে ফেলা অধিকার, দেশের মালিকানা ফিরিয়ে আনার দাবি। বঙ্গবন্ধুরও স্বপ্ন ছিল, জনগণ ক্ষমতার মালিক। সেটি বাস্তবায়ন করতে হবে।’
সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘দেশের মুষ্ঠিমেয় মানুষের উন্নয়নে উন্নয়ন হয় না। আমরা চাই, ১৬ কোটি মানুষের উন্নয়ন, সবার উন্নয়ন। বিজয় অনিবার্য; ইন শা আল্লাহ আমাদের বিজয় হবে। জনগণের বিজয় হবে।’ ড. কামাল বক্তব্যের শেষপর্যায়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিও তুলেন।
বেলা ২টায় সিলেটের রেজিস্ট্রারি মাঠে শুরু হওয়া জনসভায় সভাপতিত্ব করছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল েইসলাম আলমগীর।
জনসভায় বক্তব্য রাখেন- জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু,, বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, মো. শাহজাহান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আমান উল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা অ্যাডভোকেট আব্দুর রকিব, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামার হায়দার, খেলাফত মজলিশের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের, এলডিপির মহাসচিব ডা. রেদোয়ান আহমদ, নাগরিক ঐক্যের সমন্বয়কারী শহীদুল্লাহ কায়সার, জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীন, জেএসডির সহসভাপতি তানিয়া রব, জেএসডির নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন প্রমুখ।




