মৌলভীবাজারশিক্ষাঙ্গনসিলেট বিভাগ

জুড়ীতে কলেজ ছাত্রের উপর সন্ত্রাসী হামলা

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জুড়ী উপজেলার টি এন খানম একাডেমি কলেজের শিক্ষার্থী ওয়াদুদ তানভীর সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছেন। গতকাল শনিবার কলেজ ক্যাম্পাস থেকে ফেরার পথে ফরেস্ট অফিস রোডের মুখে নির্জন জায়গায় কিছু সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়। বর্তমানে তিনি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে তারা ফরেস্ট অফিসের পাশের জনমানবহীন একটি জায়গায় আগুন দেখতে পান। আগুন দেখে এলাকাবাসী এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সন্ত্রাসীরা ঐ শিক্ষার্থীর মোটরসাইকেল এ আগুন দিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তানভীরকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। তারপর ওখান থেকে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ত্রাসীরা তাকে শরীরের বিভিন্ন জায়গায় রড দিয়ে আঘাত করে এবং দেশিয় ছুরি দিয়ে তার দুই হাতের আঙুলে আঘাত করে। তার বা পায়ের হাটুতে দা দিয়ে কোপিয়ে জখম করে। এ বিষয়ে তানভীরের বড় ভাই আব্দুল মুনিম হেলাল বলেন, তানভীর সকালে ক্যাম্পাসে যায়, দুপুরে ক্যাম্পাস থেকে বাড়ি ফিরছিল সে। এসময় তাকে সন্ত্রাসীরা আক্রমণ করে দিনভর নির্যাতন করে প্রাণে মেরে ফেলতে চায়।’ ‘

জুড়ী থানার ওসি (তদন্ত) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা সন্ধ্যার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে একটি আগুনে পোড়া মোটরসাইকেল, একটি দেশিয় ছুরি এবং রড উদ্ধার করা হয়। এ ঘটনায় ৫ জন অজ্ঞাতকে আসামী করে মামলা করে পুলিশ।

Related Articles

Back to top button