লিড নিউজ

ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে শাবিতে রুম ভাংচুর

শাবি প্রতিনিধি : সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকের স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের রুম ভাংচুর করেছে শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির নেতাকর্মীরা।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিং ‘ডি’র নিচতলার ১০০৯ নম্বর কক্ষের জানালা ও শিক্ষকের নেম প্লেট ভাংচুর করে তারা। তবে এ সময় ওই শিক্ষক সহকারী অধ্যাপক মঞ্জুরুল হায়দার সুমন কক্ষে ছিলেন না।

যোগাযোগ করা হলে সহকারী অধ্যাপক মঞ্জুরুল হায়দার সুমন বলেন, গত শনিবার বিকালে আমার ফেসবুক ওয়ালে একটা স্ট্যাটাস দেই। সে স্ট্যাটাসটি কারো কোন উদ্দেশ্য করে দেয়া হয়নি। আগামী আগস্ট মাসেই আমার ও আমার স্ত্রীর জন্মদিন এবং জার্নালে একটা আর্টিকেল প্রকাশের কথা রয়েছে। সেই ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করতেই একটা স্ট্যাটাস দেওয়া হয়।

ফেসবুক স্ট্যাটাসে লেখা ছিলো-‘দিন গুনছি… আসছে আমার আনন্দের আগস্ট।’ এ লেখাটি দেখার পর রোববার রাতেই ফেসবুকে ওই শিক্ষকের বিরুদ্ধে শাবির স্থগিত কমিটির নেতারা সমালোচনার ঝড় তোলে। এরই পরিপ্রেক্ষিতে  সোমবার একাডেমিক ভবনে ঢুকে রুম ভাংচুর করে তারা।

তবে লেখাটি বির্তক সৃষ্টি করছে বলে অভিযুক্ত শিক্ষকের সহকর্মী জানালে পরবর্তীতে স্ট্যাটাসটি ডিলিট করে দেন বলে জানান শিক্ষক মঞ্জুরুল হায়দার সুমন।

এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য ও শাবি স্থগিত কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ বলেন, জাতির পিতাকে নিয়ে তার ধৃষ্টতা বাংলাদেশ ছাত্রলীগ কোনভাবেই মেনে নেবে না। আমরা প্রশাসনকে অবহিত করেছি। তারা যথাযথ ব্যবস্থা না নিলে ্আমরা নিজেরাই তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবো।

Related Articles

Back to top button