লিড নিউজ

গোয়াইনঘাটে জে.এস.সি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাটে গলায় দড়ি দিয়ে এক জে.এস.সি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। বুধবার সকালে তার নিজের শয়ন কক্ষ থেকে এ মৃতদেহটি উদ্ধার করেছে নিহতের পরিবার। নিহত পরীক্ষার্থী উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের চিতারাই গ্রামের বাবুল মিয়ার কন্যা সাথী আক্তার।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে সাথী যথারীতি ঘুম থেকে উঠে নাস্তা করে পরিবারের স্বাভাবিক কাজকর্ম করছিলো। সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের লোকজনের আড়ালে ঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এসময় পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে গোয়াইনঘাট থানার এস আই মো. জুনেদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশের প্রাথমিক সুরহতাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ করেন। তবে কি কারণে সে আত্মহত্যা করছে তার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় জানান সাথী আত্মহত্যা করেছেন বলেই সবাই প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে এখনও তার আত্মহত্যার কারণ জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Back to top button