সিলেট বিভাগ

দক্ষিণ সুরমায় শিশু ফরহাদের আত্মহত্যার ঘটনা থানায় মামলা

দক্ষিণ সুরমা থানা প্রতিনিধি: দক্ষিণ সুরমায় শিশু ফারহাদ আহমদের (১১) বিষপানে আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে ৬ জনকে আসামী করে ৩০২/১০৯/১৪৯/৩৪ ও ১৪৪ ধারায় থানায় মামলা দায়ের করেছেন ফরহাদের মা পারভিন বেগম। মামলা নং- ১৪৫, তারিখ ২৫/১০/২০২৪। মামলার আসামীরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার বলদি গ্রামের সুরমান আলীর পুত্র তারেক মাহমুদ (২৭), জয়নাল মিয়ার পুত্র মহসিন (২৩), সুলতান মিয়ার পুত্র ফাহিম (২৯), মোঃ মতিনের পুত্র আবু বক্কর (২৫), গফুর মিয়ার পুত্র ফুল মিয়া (২৬) ও সুলতান মিয়ার পুত্র রহিম মিয়া (২১)। মামলার আসামী সবাই বলদি যুব মাজকল্যাণ সমিতির সদস্য।

গতকাল শুক্রবার রাতে দক্ষিণ সরমা থানায় এই মামলাটি দায়ের করা হয়েছে। আত্মহত্যাকারী ফারহাদ আহমদ (১১) একই গ্রামের শেখ এনাম ও মোছাঃ পারভিন বেগমের পুত্র।

মামলার এজহার সূত্রে জানা যায়, তারেক মাহমুদ বিদেশ থেকে আর্থিক সহায়তা ও নির্দেশনার মাধ্যমে এই সংঘবদ্ধ চক্রের অপরাপর সদস্যদের মাধ্যমে সমাজে অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন। তারা বাদীর স্বামীকে মাদক ব্যবসায়ী হিসেবে মিথ্যা প্রচারণা চালায় ও তার সন্তান ফরহাদকে নিয়মিত অপমান ও কটাক্ষ করত। ফরহাদ প্রতিনিয়ত অপমান, সামাজিক হেয় প্রতিপন্ন ও মানসিক নির্যাতনের শিকার হতো। এমনকি রাস্তা-ঘাট ও খেলাধুলার মাঠেও তাকে “মাদক ব্যবসায়ীর ছেলে” বলে কটুক্তি করা হতো। অপমান সহ্য করতে না পেরে ফরহাদ ২৪ অক্টোবর বৃহষ্পতিবার সকাল ৬টার দিকে বিষপান করে আত্মহত্যা করে।

নিহতের মা পারভিন বেগম জানান, তিনি সকালে ঘুম থেকে উঠে ছেলের কক্ষে গিয়ে দেখেন ফরহাদের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে ও সে নিস্তেজ অবস্থায় বিছানায় পড়ে আছে। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন। এরপর তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

এদিকে, এই ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই শিশু ফরহাদের মৃত্যুকে একটি সামাজিক ট্র্যাজেডি হিসেবে দেখছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও দক্ষিণ সুরমা থানার এসআই মোহন রায় বলেন, মামলাটি নিয়ে তদন্ত চলছে এবং আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাগত আছে।

Related Articles

Back to top button