বুধবার থেকে শুরু হচ্ছে সিলেটে ৩দিনব্যাপী ইসলামি বই মেলা


শিহাব খান: আসছে আগামি ২৭ নভেম্বর ২০১৯ থেকে সিলেটে তিনদিনব্যাপী ইসলামি বইমেলা শুরু হবে।
২৭ থেকে ২৯ নভেম্বর ২০১৯ বুধবার থেকে শুক্রবার তিনদিনব্যাপী সিলেটের দরগা গেইট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে অনুষ্ঠিত হবে বইমেলা।
মাকতাবাতুল আযহারের উদ্যোগে সারাদেশে আঞ্চলিক কিতাবমেলার ধারাবাহিকতায় ২০তম এবং কালান্তর প্রকাশনী ও মাকতাবাতুল আযহারের যৌথ আয়োজনে সিলেটে তৃতীয় বইমেলা অনুষ্ঠিত হবে। বইমেলায় দেশের ইসলামি ঘরানার স্বনামধন্য সকল প্রকাশনী অংশগ্রহণ করবে।
মেলা প্রতিদিন সকাল ১০ থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।
মেলা উপলক্ষে প্রতিটি প্রকাশনীর বই অতিরিক্ত ১০% ছাড়ে বিক্রি হবে। এ ছাড়াও বিভিন্ন পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে মেলা আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে।
তিনদিনে যারা সর্বোচ্চ টাকার বই ক্রয় করবেন, তাদের মধ্য থেকে তিনজনকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। এ ছাড়া প্রতিদিন ২ হাজার টাকার বেশি বই যারা ক্রয় করবেন তাদের মধ্য থেকে তিনজনকে পুরস্কৃত করা হবে। এভাবে তিনদিনে নয়জনকে পুরস্কৃত করা হবে।
বইমেলায় বিভিন্ন ইসলামি শিল্পীগোষ্ঠী প্রতিদিন ইসলামি সংগীত পরিবেশন করবে এবং কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন হবে।

মেলায় সিলেটের আলিমসমাজ, সুশীলসমাজ, শিক্ষাবিদ, লেখক, কবি, সাংবাদিক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
ইসলামি সাহিত্যকে ঘরে ঘরে পৌঁছে দিতে এবং মেলাকে সফল ও প্রাণবন্ত করতে সর্বস্তরের জনগণের উপস্থিত হওয়ার আহবান জানানো হচ্ছে।




