বাংলাদেশের সকল মানুষের চোখ এখন সিলেটের দিকে!


বিশেষ প্রতিবেদক: শুধু বাংলাদেশই নয়, গোটা বিশ্ব এখন শঙ্কিত, আতঙ্কিত, ভয়ে বিমোঢ়। এ রকম পরিস্থিতিতে আজ বাংলাদেশের সকল মানুষের চোখ থাকছে সিলেটের দিকে।
সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি দুবাইফেরত এক প্রবাসী যুবকের রক্তের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে আজ রবিবার। এই রিপোর্টের মাধ্যমেই নিশ্চিত হওয়া যাবে ওই যুবক করোনাভাইরাসে আক্রান্ত কিনা।
যদি তার শরীরে করোনাভাইরাস পাওয়া না যায়, তবে স্বস্তির নিঃশ্বাস ছাড়বে বাংলাদেশ। কেননা, এখনও বাংলাদেশে কেউ এই ভাইরাসে আক্রান্ত হননি।
অবশ্য মো. জাকারিয়া নামের ওই যুবকের শরীরের করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি বলে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে। তবে এ নিয়ে দায়িত্বশীল কেউই বক্তব্য দেননি।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানান, ওই যুবকের শরীরে করোনাভাইরাস আছে কিনা, তা আজ রবিবার জানা যাবে। আজই ঢাকা থেকে আসবে তার রক্তের নমুনা পরীক্ষার রিপোর্ট।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানান, জাকারিয়ার অবস্থা আগের চাইতে একটু ভালো। তিনি এখন ঘন ঘন কাশছেন না, জ্বরের মাত্রাও একটু কম।
জানা গেছে, সিলেটের কানাইঘাট উপজেলার সুতারগ্রামের আলী হোসেনের ছেলে মো. জাকারিয়া (৩২) গত বুধবার থেকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। জাকারিয়া আরব আমিরাতের দুবাইয়ে একটি রেস্টুরেন্টে কাজ করতেন। ওই রেস্টুরেন্টে চীনা নাগরিকদের যাতায়াত রয়েছে। সেখানে থাকাকালীন জ্বরাক্রান্ত হন জাকারিয়া। অবস্থার উন্নতি না হওয়ায় গত ২৯ ফেব্রুয়ারি দেশে আসেন তিনি।
এরপরও জ্বর ও কাশি না কমায় তিনি সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। চিকিৎসকরা তাকে ঢাকায় যাওয়ার পরামর্শ দেন। কিন্তু তিনি রাজি না হওয়ায় তাকে ভর্তি করা হয় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। গত বৃহস্পতিবার জাকারিয়ার রক্তের নমুনা সংগ্রহ করে আইডিসিআর’র একটি টিম। সেই নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় ঢাকায়।
জাকারিয়া করোনাভাইরাস সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়ার পর সিলেট ছাড়িয়ে সারাদেশের মানুষের মধ্যে শঙ্কা চেপে বসে। তিনি যদি সত্যিই করোনাক্রান্ত হন, তবে তা বাংলাদেশের অন্য মানুষের মধ্যে ছড়াতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে। তবে জাকারিয়ার করোনাক্রান্ত নন, বিশ্বস্ত সূত্রের ওই খবরে শনিবার রাত থেকেই অনেকে স্বস্তির নিঃশ্বাস ছাড়ছেন। সেই স্বস্তি থাকবে কিনা, জানা যাবে আজ রবিবার।




