বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত শতাধিক


হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার তখবাজখানি মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার লোকজনের মধ্যে সংঘর্ষে শতাধিক লোকজন আহত হয়েছে। এসময় ভাংচুর ও আগুন দেয়া হয়েছে অনেক বাড়িঘরে।
আড়াই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে পুলিশ শতাধিক রাউন্ড টিয়ারসেল ও বুলেট নিক্ষেপ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেলে স্থানীয় আলেম-ওলামারা আল্লাহ আকবার ধ্বনি দিয়ে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রবিবার (০৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত চলে এই সংঘর্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়- বানিয়াচং উপজেলার ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খানের উদ্যোগে চল্লিশোর্ধ্ব বয়সিদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে তখবাজখানী মহল্লা ও মিনাট মহল্লা। খেলার এক পর্যায়ে বল গোল পোস্টে প্রবেশ করলেও রেফারি তা দেখতে না-পারায় আউট বলে বাশি বাজান। এতে করে মিনাট মহল্লার খেলোয়াড়রা গোলের দাবিতে প্রতিবাদ জানায়।
এক পর্যায়ে উভয় দলের খেলোয়াড় ও সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে তা ভয়াবহ আকার ধারণ করে। এক পক্ষ অপর পক্ষের বাড়িঘরে হামলা করে ভাংচুর ও আগুন লাগিয়ে দেয়।
সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং থানার ওসি অমূল্য কুমার চৌধুরীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শতাধিক রাউন্ড টিয়ারশেল ও বুলেট নিক্ষেপ করে। পরে আলেমরা এসে পুলিশকে সহায়তা করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সংঘর্ষে আহতদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বানিয়াচং থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান- তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।




