দিনদুপুরে হামলার শিকার ছাত্রলীগ নেতা জাহিদুল হাসান, এলাকায় চরম উদ্বেগ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি এলাকায় দিনদুপুরে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল হাসানের ওপর ফের হামলার ঘটনা ঘটেছে। ১৫ আগস্ট ২০২৫, দুপুর আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাহিদুল হাসান (পিতা: মো. লুৎফুর রহমান, মাতা: মোছাঃ রুমি আক্তার) ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা ৮-১০ জনের একটি দল হঠাৎ করে তার পথরোধ করে। পরে তারা তাকে লক্ষ্য করে হামলা চালায়।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট এবং পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে মারধর করার পাশাপাশি গুরুতর হুমকিও দেয় বলে জানা গেছে।
ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে দ্রুত চিকিৎসা দেওয়ায় তিনি বর্তমানে আশঙ্কামুক্ত আছেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।




