কানাইঘাটে বিজয় দিবসে ফুটবলম্যাচের আয়োজন থেকে ফেরার পথে প্রধান অতিথির উপর হামলা
কানাইঘাট প্রতিনিধিঃ আজ ১৬ ডিসেম্বর ২০২২, সিলেট জেলার কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নে রাসেল স্মৃতি সংসদ এবং জিয়া পরিষদের মধ্যে এক ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলায় শেখ রাসেল স্মৃতি সংসদকে হারিয়ে জিয়া পরিষদ এক গোলে জিতে যায়।
এতে রাসেল স্মৃতি সংসদ সমর্থকরা ক্ষুদ্ধ হয়ে ম্যাচের প্রধান অতিথি মোহাম্মদ জাকারিয়ার উপর অতর্কিত হামলা চালায়।
জানা যায়, ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে গাছবাড়ি মোড়ে অনুষ্ঠিত খেলার প্রধান অতিথি মোহাম্মদ জাকারিয়া উদ্দিনের উপর আওয়ামীলীগ নেতা সায়েম ও ওলির সাথে ছাত্রলীগ বাহিনী অতর্কিত হামলা চালায়। এ সময় মোহাম্মদ জাকারিয়ার সঙ্গী জাকিরকেও মারধর করা হয়।
পরে মোঃ জাকারিয়াকে সিলেট নগরীর ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি করা হয়।
এ ব্যাপারে ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাস্টার আবু বকর মিডিয়াকে জানান, বিজয় দিবস উপলক্ষে আমাদের ইউনিয়নে আওয়ামীপন্থী এবং বিএনপিপন্থির মধ্যে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। ম্যাচে বিএনপিপন্থী জিয়া পরিষদের কাছে আওয়ামীপন্থী রাসেল স্মৃতি সংসদ এক গোলে হেরে যায়। অনুষ্ঠিত এ খেলায় এলাকার স্থানীয় চেয়ারম্যান হিসেবে আমিও উপস্থিত ছিলাম।
কিন্তু খেলা শেষে বাড়ি ফেরার পথে মোঃ জাকারিয়ার উপর তারা এরকম নেক্কারজনক হামলা চালাবে তা কল্পনাও করিনি।
তিনি হামলার এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এম/এম/এন/পি-১৬-১২-২০২২




