সিলেট

সিলেটে নকল স্বর্ণের  মূর্তি বিক্রয়কারী চক্রের সদস্য আটক

সিলেটে নকল স্বর্ণের  মূর্তি বিক্রয়কারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার দুপুরে নগরীর একটি বাসা থেকে মো. ইদ্রিস মিয়া (৩৮) নামের ওই প্রতারককে গ্রেফতার করা হয়। তার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চকতিলক সাহারপাড়া গ্রামে। 

প্রতারণার অভিযোগে নগরীর পাঠানটুলা এলাকার বাসিন্দা মোছা. রুবিনা বেগম নামের এক নারী ইদ্রিসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, ইদ্রিস মিয়া প্রায় তিন মাস আগে রুবিনা বেগমের কাছে একটি পিতলের মূর্তি স্বর্ণের বলে বিক্রি করেন। কিছুদিন পর রুবিনা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। এ বিষয়ে কথা বলতে ইদ্রিসের সঙ্গে দেখা করতে চাইলে নানা টালবাহানা করে দেখা করেনি প্রতারক ইদ্রিস। একপর্যায়ে নিরুপায় হয়ে কৌশলে রুবিনা আরেকজনকে ক্রেতা সাজিয়ে ইদ্রিসকে সোমবার দুপুরে নগরীর পাঠানটুলা এলাকার একটি বাসায় ডাকেন এবং গোয়েন্দা পুলিশকে খবর দেন। পরে ইদ্রিসকে ওই বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ তাহের বলেন, ইদ্রিস আলী স্বর্ণ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। চক্রটি বিভিন্ন কৌশলে প্রতারণার মাধ্যমে সিলেটে সহজ-সরল মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলো। গতকাল গোয়েন্দা পুলিশ খবর পেয়ে তাকে গ্রেফতার করে।

তিনি বলেন, ইদ্রিসকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে এবং তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করবে পুলিশ। তার সঙ্গে আর কারা জড়িত, জিজ্ঞাসাবাদ করে সেটি জানার চেষ্টা করা হবে।

Related Articles

Back to top button