ইউনিটি ব্লেসফুল ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা: নিহত ২

বড়লেখা প্রতিনিধি: গতকাল ১৫ ই জুন বড়লেখার রতুলী বাজারে ইউনিটি ব্লেসফুল ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অতর্কিত আক্রমণ চালায় সন্ত্রাসীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭ টার দিকে শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ পরেই পরপর কয়েকটি হ্যান্ড গ্রেনেড ছুড়ে সন্ত্রাসীরা। লোকজন ছত্রভঙ্গ হয়ে গেলে প্যান্ডেলের দিকে লক্ষ্য করে গুলি ছুড়ে তারা। তাদের গুলিতে ২ জন মারাত্মক আহত হয়ে হাসপাতালে যাওয়ার পর মারা যায়। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় আরো ৭ জনকে। নিহতরা হলেন রাসেল আহমদ (২২) এবং ফাহিম আব্দুল্লাহ শিপন (২৩)।
অনুষ্ঠানের আয়োজক ইউনিটি ব্লেসফুল ক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান আওয়ামীলীগের এক নেতাকে দায়ী করে বলেন, তাদের সাথে বহুদিন ধরে বিরোধ চলছে। আমাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যেই তাদের এই হামলা।
বড়লেখা থানার ওসি ইয়াসিনুল হক জানান, কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।




