জৈন্তাপুরে স্মাইল চ্যারিটি গ্রূপের শীতবস্ত্র বিতরণ


জৈন্তাপুর প্রতিনিধি: স্বেচ্ছাসেবী সংস্থা স্মাইল চ্যারিটি গ্রূপের উদ্যোগে জৈন্তাপুর উপজেলায় দু’শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়। বুধবার সকাল ১১ ঘটিকায় স্থানীয় দিগারাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর জৈন্তিয়া কল্যাণ পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক, সমাজ সেবক ও শিক্ষানুরাগী গোলজার আহমদ হেলাল।

সংরক্ষিত আসনের ইউ/পি মেম্বার শ্রী মঞ্জুশ্রী চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্মাইল চ্যারিটি গ্রূপের সভাপতি ছামসুল ইসলাম, সাবেক সভাপতি আবিদ হোসেন মাহরাজ, সাধারন সম্পাদক আলমগীর হোসেন, সহ-সভাপতি নাইম আহমদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বি মন্তাজ আলী, জহিরুল ইসলাম, সমশির উদ্দিন, মুজিবুর রহমান, স্মাইল চ্যারিটি গ্রূপের সহ-সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক মুত্তাসির ওমর, সদস্য জাকোয়ান আহমদ, তরুণ সংগঠক জুবায়ের আহমদ প্রমুখ।

প্রধান অতিথি বলেন দেশে প্রচন্ড ঠান্ডা পড়েছে। তৃণমূল পর্যায়ের প্রান্তিক জনগোষ্টীর অনেকেরই শীতের প্রকোপ মোকাবেলায় প্রয়োজনীয় বস্ত্র নেই। তাই অসহায় দরিদ্রদের পাশে দাড়ানো সমাজের প্রতিটি মানুষের মানবিক দায়িত্ব। তিনি বিত্তবান সহ সকল সরকারী-বেসরকারী দেশী-বিদেশী সংস্থাকে এ ক্ষেত্রে এগিয়ে আসার আহবান জানান।
স্মাইল চ্যারিটি গ্রূপের উদ্যোগে তাদের সিজন ৩ প্রজেক্টের অধীনে আজ জৈন্তাপুর উপজেলার দিগারাইল, দক্ষিণ দিগারাইল, ডৌডিক ও ইন্দারজো গ্রামের নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশু সহ হিন্দু-মুসলিম জনগোষ্টীর প্রায় দু’শতাধিক অসহায়, প্রতিবন্ধি ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।




