

ইলিয়াস মশহুদ: বৃহত্তর সিলেটের প্রাচীনতম ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ৩ দিনব্যাপী দস্তারবন্দী মহাসম্মেলন ২৫ ডিসেম্বর বুধবার থেকে শুরু হচ্ছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ইতিমধ্যে মহাসম্মেলন আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জামেয়ার ১০০ বছরের ইতিহাসে এই সম্মেলন সর্ববৃহৎ ও অতিগুরুত্বপূর্ণ হবে এটাই সিলেটবাসীর প্রত্যাশা। সম্মেলনের জন্য মাদরাসার দক্ষিণে ১ লক্ষ ১০ হাজার স্কয়ার ফিটের মাঠ ও অন্যান্য স্থানে স্বাভাবিকভাবে ধারণ ক্ষমতা প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান। জামেয়ার কয়েক হাজার ফাযিল, শিক্ষক, দেড়শতাধিক শিক্ষার্থী, এলাকার সাধারণ মানুষের সহযোগিতা এবং বৃহত্তর সিলেটের বিভিন্ন মাদরাসার ছাত্র-শিক্ষক ও উলামায়ে কেরামের উপস্থিতি ও পরামর্শ আহুত সম্মেলনকে প্রাণবন্ত করে তুলবে বলেই সবার প্রত্যাশা।
সম্মেলনে আগত মুসল্লিদের জন্য অজু ও প্রস্রাবখানা তৈরি করা হয়েছে মাঠের পাশেই। সম্মেলনস্থলে পৌঁছার জন্য মাঠের পূর্বদিকে রেলালাইনের ধরে বাঁশের সাঁকো দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। এছাড়া মাদরাসার ৩টি গেইট এবং সম্মেলনস্থলের পশ্চিম দিক থেকেও মাঠে পৌঁছার ব্যবস্থা করা হয়েছে। ৯০০ ফিটের ৩ স্তরের মঞ্চের প্রধান মঞ্চ ৩০ ফুট বাই ১৫ ফুট এবং মূল মঞ্চের দুই পাশে ১৫ ফুটের আরও দুইটি মঞ্চ রাখা হয়েছে উলামা অতিথি ও সামাজিক-রাজনীতিক ব্যক্তিদের জন্য। স্টেইজের ঠিক পেছন দিয়ে ১৫ ফিট প্রস্থ যাতায়াত রাস্তার পরেই পুলিশ কন্ট্রোল রুম, মিডিয়া কর্নার, অস্থায়ী মেহমানখানা, আপ্যায়ন এবং বাথরুমের ব্যবস্থাপনা রাখা হয়েছে। ২৫ ডিসেম্বর বুধবার বিকাল ২টা থেকে শুরু হয়ে রাত ১১টায় ৪ অধিবেশনে ১ম দিনের কার্যক্রম সমাপ্ত হবে। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার ২য় দিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উলামা সম্মেলন অনুষ্ঠিত হবে। বিকাল ২টা থেকে মূল অনুষ্ঠান শুরু হয়ে ৪ অধিবেশনে রাত ১১টায় সমাপ্ত হবে।২৭ ডিসেম্বর ৩য় ও শেষ দিন সকাল ১০ টা থকে শুরু হয়ে ২৮ ডিসেম্বর ফজর পর্যন্ত মোট ৬ অধিবেশনে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৩দিন ব্যাপী সম্মেলন সমাপ্ত হবে।
সিলেটের ইতিহাসে কওমি মাদরাসা-কেন্দ্রিক এই প্রথম অনুষ্ঠিতব্য এমন সর্ববৃহৎ মহাসম্মেলনে এশিয়া, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ বাংলাদেশের শীর্ষ উলামা মাশায়েখ ও ইসলামিক স্কলারগণ বয়ান করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ আব্দুল্লাহ, সিলেট-০৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সাবেক সাংসদ আলহাজ শফি আহমদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিভিন্ন সামাজিক ও রাজনীতিক ব্যক্তিগণ উপস্থিত থাকবেন।




