

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ‘জীবনশঙ্কায়’ রয়েছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের প্রধান সৈয়দ আলী আহসান।
রোববার বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি শহিদুল্লাহ শিকদারও উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের জীবনশঙ্কায় কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যেহেতু ভেন্টিলেশনে আছেন, সেহেতু জীবন শঙ্কায় বলতে পারেন। বর্তমানে ওবায়দুল কাদেরের যে শারীরিক অবস্থা তাতে আমি বলব, এই মুহূর্তে ওনাকে (ওবায়দুল কাদের) সিঙ্গাপুর পাঠানো যাচ্ছে না। ওনার (ওবায়দুল কাদের) তিনটি নালীতেই ব্লক ছিল। যেটা ক্রিটিক্যাল ছিল, এলইডি বলে। এলইডিতে ৯৯ শতাংশ… যেটার জন্য ওনার এই সমস্যা হয়েছে, আমরা শুধু সেটিকে সারাই করেছি। কিন্তু সেটা বোধহয় পর্যাপ্ত নয়। সবগুলোই সারানো দরকার, কিন্তু এই মুহূর্তে সারানো যাবে না। সারাতে গেলে আরও বিপদ ঘটবে।
তিনি আরও বলেন, ২৪ থেকে ৭২ ঘণ্টা না গেলে বলা যাবে না, ওনি সঙ্কটমুক্ত কি না। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত আছে, বর্তমানে ওনার যেমন চিকিৎসা চলছে এটাই সর্বোচ্চ চিকিৎসা। এটাকে জোর দেয়া এবং আমাদের যত রকম সোর্স আছে সবগুলোকে ইউটিলাইজ করে প্রাণপণ চেষ্টা করা।
প্রসঙ্গত, রোববার ভোর ৬টায় নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওবায়দুল কাদের। এরপর সকাল সাড়ে ৭টায় তাকে বিএসএমএমইউতে নেয়া হয়। প্রথমে তাকে আইসিইউ-তে নেয়া হলেও বর্তমানে সিসিইউ-তে রাখা হয়েছে।



