

নিউজ ডেস্ক:: বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে নিজের সংসদীয় আসন থেকে ভোটের প্রচার শুরু করতে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার পথে রওনা হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকাল সোয়া ৮টার পর গণভবন থেকে রওনা হয় শেখ হাসিনার গাড়িবহর। সড়কপথে ঢাকা থেকে গোপালগঞ্জে গিয়ে ফেরার পথে বুধ ও বৃহস্পতিবার প্রায় একডজন পথসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
তার কর্মসূচিতে বলা হয়েছে, টুঙ্গীপাড়া পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ, পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতে অংশ নেবেন আওয়ামী লীগ সভানেত্রী।
এরপর বিকেলে কোটালীপাড়া উপজেলা সদরে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজমাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি।
টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া মিলিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ থেকেই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ হাসিনা।




