

অনলাইন ডেস্ক: আশুলিয়ায় ডাকাত দলের গুলি ও হামলায় আবুল সরকার (৫০) নামে এক গৃহকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাইসহ গুরুতর আহত হয়েছেন ওই পরিবারের আরও তিন জন।
রোববার ভোর ৪টার দিকে আশুলিয়া ইউনিয়নের দূর্গাপুর এলাকায় সরকার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত আবুল সরকার স্থানীয় মকবুল সরকারের বড় ছেলে। তিনি জমি কেনাবেচা ও বাড়ি ভাড়ার দেয়ার ব্যবসা করতেন।
প্রতিবেশীরা জানিয়েছে, ভোর ৪টার দিকে একদল ডাকাত আবুল সরকারের ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করে ডাকাতরা ওই ঘরের গৃহকর্তার কক্ষে থাকা লাইসেন্স করা একটি বন্দুক দখলে নেয়। এরপর বন্দুক ও দেশীয় অস্ত্র দিয়ে পরিবারের সবাইকে জিম্মি করে।
এ সময় তারা পরিবারের সদস্যদের মারপিট করেন। পরে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল সেটসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। ডাকাতি শেষে চলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এক প্রতিবেশী বিষয়টি টের পেয়ে স্থানীয় মসজিদে ঘোষণা দেন।
ঘোষণা শুনে প্রতিবেশীরা বাড়িটি ঘেরাও করার চেষ্টা করলে ডাকাতরা পালিয়ে যেতে উদ্যত হয়। বেশীর ভাগ ডাকাত সদস্য পালিয়ে গেলেও দুই জনকে আটকের চেষ্টা করেন আবুল সরকার ও তার ভাই মকবুল সরকার। এ সময় দুই ভাই মিলে এক ডাকাতকে জড়িয়ে ধরতে গেলে ডাকাতদের অপর সদস্য প্রথমে দুই ভাইয়ের মাথায় লোহার রড দিয়ে আঘাত করেন। এরপর আবুল হোসেনের পেটে গুলি করে পালিয়ে যান।
গুরুতর আহত অবস্থায় আবুল হোসেন ও মকবুল হোসেনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় প্রতিবেশীরা। কিন্তু সেখানে যাওয়ার পথেই মারা যান আবুল হোসেন। ওই হাাসপাতালেই মকবুল হোসেনেরে চিকিৎসা চলছে।
এদিকে এ ঘটনাকে নিছক একটি চুরির ঘটনা হিসেবেই উল্লেখ করেছে আশুলিয়া থানা পুলিশ। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হক দীপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটি আসলে ডাকাতি নয়, ঘরে সিদ কেটে চোর প্রবেশ করেছিল। পালিয়ে যাওয়ার সময় ডাকাতরা আবুল হোসেনকে লাঠি দিয়ে আঘাত করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা গেছেন। গোলাগুলির ঘটনা ঘটেনি।




