গোলাপগঞ্জে সুরমা নদীতে অভিযান, আটক ৪


নিউজ ডেস্ক:সিলেটের গোলাপগঞ্জে সুরমা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (৩১ মে) রাত সাড়ে ১০ টায় উপজেলার চৌঘরী এলাকার সুরমা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। অভিযানে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার শতাধিক সদস্য অংশ নেয়।
এ সময় অবৈধভাবে বালু তোলার কাজে ব্যবহৃত বড় ড্রেজার, ২টি নৌকা ও এ কাজে জড়িত ৪ ব্যক্তিকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যাক্তিদের নাম জানা যায়নি।
জানা গেছে- দীর্ঘদিন থেকে গোলাপগঞ্জের চৌঘরী এলাকার সুরমা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে একটি প্রভাবশালী মহল। এ অবস্থায় এলাকার পরিবেশ ও নদী তীরবর্তী মানুষের ভিটেমাটি ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কায় এলাকাবাসী উপজেলা প্রশাসনে একাধিকবার অভিযোগ জানিয়েছেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলামের নেতৃত্বে অভিযানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।




