ঈদে বিমানের টিকেট মাত্র ২ হাজার টাকা


সিলেটমিডিয়াডেস্ক: অভ্যন্তরীণ রুটে ঈদে অবিশ্বাস্য রকমের ছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মাত্র ২ হাজার থেকে ২ হাজার ৩০০ টাকার মধ্যে পাওয়া যাবে অভ্যন্তরীণ বিভিন্ন রুটের টিকিট। বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহকারী ব্যবস্থাপক শারমিন সুলতানা পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ থেকে ২১ জুন ঢাকা থেকে সৈয়দপুর রুটের টিকিট পাওয়া যাবে দুই হাজার টাকায়।
পাশাপাশি ঢাকা থেকে রাজশাহী, যশোর ও বরিশালে দুই হাজার টাকা এবং ঢাকা থেকে সিলেট ও চট্টগ্রামের টিকিটি পাওয়া যাবে ২ হাজার ৩০০ টাকায়। এই ভাড়ায় ভ্রমণ করা যাবে ১৬ জুন থেকে ২১ জুন পর্যন্ত।
অন্যদিকে ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত সৈয়দপুর, রাজশাহী, যশোর, বরিশাল থেকে ঢাকায় আসা যাবে ২ হাজার টাকায়। একই সময়ে একই রুটে চট্টগ্রাম ও সিলেট রুটের ভাড়া ২ হাজার ৩০০ টাকা।
এছাড়া সুপরিসর বোয়িং ৭৭৭ ও বোয়িং ৭৩৭ উড়োজাহাজে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেট এবং সিলেট ও চট্টগ্রাম থেকে ঢাকা রুটে চলমান ২ হাজার টাকায় টিকেটের অফার ৩০ জুন পর্যন্ত চালু থাকবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, প্রিয় মানুষের সঙ্গে ঈদ করতে অনেকই দেশের বিভিন্ন গন্তব্যে পাড়ি জমান। এই ঈদযাত্রা আরও সহজ ও সাশ্রয়ী করতে বিমান বাংলাদেশের এ অবিশ্বাস্য অফার।




