বিয়ানীবাজারে ব্যবসায়ী খুনের ঘটনায় রক্তাক্ত গাড়ীসহ আটক ১


পুলিশের এডিশনাল এস.পি মোস্তাক সরকারের নেতৃত্বে রাতভর অভিযান চালিয়ে গাড়ী ও জাকিরকে আটক করা হয়েছে। জাকিরের কাছ থেকে ইতোমধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করেছে পুলিশ। পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে গাড়ীটিও।
এবিষয়ে এডিশনাল এস.পি মোস্তাক সরকার জানান, জাকিরের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করা হয়েছে।
গত বৃহস্পতিবার জরুরী কাজে সিলেট গিয়ে আর বাড়িতে ফিরেন নি বিয়ানীবাজারের জামান প্লাজার প্রবীণ ব্যবসায়ী ও আবরণী বস্ত্র বিতানের মালিক সহিব উদ্দিন সৈবন আহমদ (৫০)।
শুক্রবার ভোরে বিয়ানীবাজার-সিলেট সড়কের চারখাই গাছতলা নামক এলাকা থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
এঘটনায় বিয়ানীবাজারের ব্যবসায়ীসহ সর্বমহলে শোকের ছায়া নেমে আসে। তিন পুত্র সন্তানের জনক ব্যবসায়ী সৈবনের ময়নাতদন্ত শেষে রাতে পিএইচজি উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম ও তার নিজ বাড়ি বড়লেখা উপজেলার ইটাউরী গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সজ্জন ব্যক্তি হিসেবে সবমহলে পরিচিত সহিব উদ্দিন সৈবনের জানাজায় হাজারো মানুষের সাথে শরীক হন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও। জানাজা পূর্ব বক্তব্যে তিনি নিহতের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনকেও নির্দেশ দেন।




