জাতীয়লিড নিউজ

বাসের চাপায় এবার পা হারালেন তরুণী

সিলেটমিডিয়াডেস্ক: রাজধানীতে দুই বাসের রেষারেষিতে হাত হারিয়ে কলেজছাত্র রাজীবের মৃত্যুর সপ্তাহ পার না হতেই বাসের চাপায় পা হারালেন আরেক তরুণী। শুক্রবার রাত পৌনে নয়টার দিকে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত রোজিনা আক্তারকে (১৭) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

রাষ্ট্রায়ত্ত বিআরটিসি’র বাস চাপায় তার ডান পা উরু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।

রোজিনা আক্তার সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজার বাসায় কাজ করেন। মহাখালীতে এক আত্মীয়ের বাসায় বেড়ানো শেষে গুলশানের নিকেতনে সৈয়দ ইশতিয়াক রেজার বাসায় ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

রোজিনার বাড়ি ময়মনসিংহের ঘোষগাঁও গ্রামে। তার বাবার নাম রসুল মিয়া, মা রাবেয়া বেগম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আত্মীয়ের সঙ্গে দেখা করে রোজিনা গাড়িতে উঠার জন্য চেয়ারম্যান বাড়ির রাস্তার কাছাকাছি অপেক্ষা করছিলেন।

মহাখালী থেকে টঙ্গীমুখী বিআরটিসির দোতলা একটি বাসটি আসলে তিনি উঠার চেষ্টা করেন। এ সময় বাসটি না থামিয়ে ধাক্কা দিলে নিচে পড়ে যান রোজিনা। এরপর বাসটি তার ডান পায়ের ওপর দিয়ে চলে যায়।

ঘটনার পরপরই পুলিশ বাসচালক শফিকুল ইসলামকে (৩২) আটক করেছে।

গত ৩ এপ্রিল সরকারি তিতুমীর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন (২১ ) রাজধানীর কারওয়ান বাজারে বিআরটিসি ও স্বজন পরিবহনের বাসের রেষারেষিতে চাপা পড়ে হাত হারান। চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ এপ্রিল তিনি মারা যান।

বনানীর এই দুর্ঘটনার কিছুক্ষণ পর ধানমন্ডিতে ট্রাকের চাপায় রিকশাআরোহী এক নারীর মৃত্যু হয়েছে। নিহত মাসুদা (৩৬) ইস্কাটনের এসপিআরসি হাসপাতালের সেবিকা ছিলেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, রাত ১১টা ৫০ মিনিটের দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মাসুদা স্বামীর সঙ্গে শাহবাগের খাজা ভবনের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন। ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি এক আত্মীয়কে দেখতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন মাসুদা।

রিকশায় হাসপাতালে যাওয়ার পথে ধানমন্ডি শেখ জামাল মাঠের কাছে গেলে দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এরও আগে গত ১৭ এপ্রিল গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় হাত বিচ্ছিন্ন হয় হৃদয় শেখ নামে এক যুবকের। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে।

Related Articles

Check Also
Close
Back to top button