লিড নিউজ

জগন্নাথপুরে বিষু হত্যা: গাড়ীসহ আসামীরা গ্রেফতার

নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলার ভোগশাইল গ্রামের নিখিল মালাকারের পুত্র সিএনজি চালক বিষু মালাকার (২৭) হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। সেই সাথে ছিনতাইকৃত সিএনজি অটোরিক্সাও উদ্ধার করা হয়েছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ চৌধুরী জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিন সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া এলাকায় অভিযান চালিয়ে বিষু মালাকার হত্যার অন্যতম নায়ক বিশ্বনাথ উপজেলার মসলিশ ভোগশাইল গ্রামের তোরন মিয়ার পুত্র দেলোয়ার হোসেন ও দক্ষিণ সুনামগঞ্জ থানার মুরাদপুর গ্রামের লোবান মিয়ার স্ত্রী সাজেদা বেগমকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে তাদের দেওয়া তথ্য অনুযায়ী নিহত মালাকারের ব্যবহৃত মোবাইল সেট ও ছিনতাইকৃত সিএনজি অটো রিক্সা উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। এ ছাড়াও গ্রেফতারকৃতরা ঘটনার সাথে জড়িত আরও ৪ জনের নাম উল্লেখ করেছে। এদেরকে গ্রেফতারে সাড়াশি অভিযান চলছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ চৌধুরী, ওসি তদন্ত আশরাফুল ইসলাম ও এসআই গোলাম ফাত্তাহ মূর্শেদ চৌধুরীর নেতৃত্বে এক দল পুলিশ বুধবার রাতভর বিশ্বনাথ ও দক্ষিণ সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে বিষু মালাকার হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি আসামী দেলোয়ার হোসেন তার সহযোগী অন্যান্য আসামী কৌশলে ভাড়ার কথা বলে সিএনজি অটোরিক্সাসহ বিষু মালাকারকে নিয়ে জগন্নাথপুর থানাধীণ গড়গড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে বিষুকে নির্মমভাবে হত্যা করে জগন্নাথপুর থানাধীন গড়গড়ি গ্রামে ঝোপের মধ্যে লাশ ফেলে অটোরিক্সা গাড়িটি নিয়ে পালিয়ে যায় হত্যাকারীরা।

Related Articles

Back to top button