চুনারুঘাটে অর্ধশতাধিক চারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা


চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আব্দুল মোতালিব নামের এক দুবাই প্রবাসীর প্রায় অর্ধশতাধিক চারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। জেলার চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে এ ঘটনা ঘটে।
বুধবার (১৫ নভেম্বর) সকালে ঘুম থেকে উঠে বাড়ীর লোকজন চারা গাছগুলো কাটা অবস্থায় দেখতে পায়। পরে বাড়ীর লোকজন স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করেন।
মঙ্গলবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তার বাড়ীর পাশে লাগানো সব চারা গাছ কেটে ফেলে।
প্রবাসী আব্দুল মোতালিবের স্ত্রী আমেনা খাতুন জানান, তার ভাসুর আব্দুল বারিকের পূত্র আব্দুল হাইর কাছে থেকে বাড়ির পাশে কিছু জায়গা ক্রয় করি। কিছুদিন পর তার ছোট ভাই আব্দুল হালিম এ জায়গার মাটি বিক্রি করে দেয়। এতে বাধা দিলে সে আমার বাড়ী ঘরে হামলা করে এবং বাড়ী থেকে বের হবার রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করলে তার উপর গ্রেফতারী পরোয়ানা জারী করে আদালত।
তিনি আরও জানান, গত মঙ্গলবার বিকালেও সে আমার বাড়ি ঘরে হামলা করে। আমার ধারণা আব্দুল হালিমেই শুত্রুতাবশত গাছের চারাগুলো কেটে ফেলেছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন- এখন পর্যন্ত এ বিষয়ে কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।



